লাইনচ্যুত হল বন্দে ভারত এক্সপ্রেস, পুনে স্টেশনের কাছে বেলাইন হল ট্রেনের চতুর্থ বগি
বেস্ট কলকাতা নিউজ : দেশের অন্যতম আধুনিক ও দ্রুতগামী ট্রেন হিসেবে পরিচিত বন্দে ভারত এক্সপ্রেস সোমবার সন্ধ্যায় হঠাৎ করেই খবরের শিরোনামে আসে, যখন মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) থেকে সোলাপুরগামী বন্দে ভারত এক্সপ্রেস পুনে স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। এই ঘটনাটি কিছু সময়ের জন্য যাত্রী এবং রেল প্রশাসন উভয়েরই উদ্বেগ বাড়িয়ে দিয়েছিল৷ তবে স্বস্তির বিষয় হল, এই দুর্ঘটনায় কোনও যাত্রী আহত হননি। রেল কর্তাদের মতে, ট্রেনটি প্ল্যাটফর্মে ঢোকার সময় ডায়মন্ড ক্রসিংয়ে চতুর্থ কোচের একটি ট্রলি লাইনচ্যুত হয়। তবে সময়মতো, দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, যার ফলে একটি বড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বন্দে ভারত এক্সপ্রেস (22225 সিএসএমটি-সোলাপুর) পুনে স্টেশনে এসে পৌঁছাচ্ছিল। প্ল্যাটফর্মে ঢোকার সময় ট্রেনটি গতি যখন কমাচ্ছিল, এমন সময় একটি ডায়মন্ড ক্রসিংয়ে সেটির চতুর্থ কোচের ট্রলিটি হঠাৎ লাইনচ্যুত হয়। ঘটনাটি স্টেশনের ঢোকার মুখে ঘটে, যেখানে ট্র্যাকের কাঠামো সাধারণ ট্র্যাকের চেয়ে বেশি জটিল (ডায়মন্ড ক্রসিংয়ের কারণে)। তাই, রেলের একটি কারিগরি দল অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। রেল প্রশাসন স্পষ্ট করেছে যে, এই ঘটনায় কোনও যাত্রী আহত হননি। ট্রেনের কম গতি এবং প্ল্যাটফর্মের কাছাকাছি থাকার কারণে কোনও বড় বিপর্যয় ঘটেনি। সকল যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে এবং স্টেশনে প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হয়েছে। ঘটনার পর যাত্রীরা কিছুক্ষণের জন্য আতঙ্কিত হয়েছিলেন৷ কিন্তু, পরিস্থিতি শীঘ্রই স্বাভাবিক হয়ে যায়।

