শ্বাসকষ্টের চিকিত্সার ইঞ্জেকশন অমিল বালুরঘাট জেলা হাসপাতাল জুড়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : শ্বাসকষ্ট নিরাময়ে ব্যবহৃত অতি সাধারণ স্টেরয়েড জাতীয় বিশেষ ইঞ্জেকশনও অমিল বালুরঘাট জেলা হাসপাতালে। মুমূর্ষু রোগীর ক্ষেত্রে চিকিৎসকরা যে ওষুধ লিখছেন, হাসপাতাল চত্বরে হন্যে হয়ে ঘুরেও তা মিলছে না। ন্যায্যমূল্যের ওষুধের দোকান থেকে বহির্বিভাগ- কোথাও সেই ওষুধ না পেয়ে সমস্যায় পড়েছেন রোগীর আত্মীয়, পরিজনরা। ফলে বাইরে থেকে জোগার করতে হচ্ছে সেই ওষুধ। এদিকে সূত্রের খবর, শ্বাসকষ্টে ব্যবহৃত ইনহেলার থেকে শুরু করে অন্য অসুখের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ওষুধের মজুত জেলা হাসপাতালে নেই। এতে ক্ষোভ বাড়ছে রোগীর আত্মীয়-পরিজনদের মধ্যে। ওই ওষুধ যে স্টকে নেই, তা স্বীকার করে নিয়েছেন হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগও। তাঁর কথায়, ওই ওষুধ হাসপাতালে এখন নেই। অর্ডার করা হয়েছে। দ্রুত চলে আসবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মূলত , দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিকেল কলেজ নেই। জেলাবাসীর ভরসা একমাত্র বালুরঘাট জেলা হাসপাতাল। এই হাসপাতালে প্রতিদিন বহু রোগী ভর্তি হয়। রোগীর পরিজনদের অভিযোগ, শ্বাসকষ্টে ব্যবহৃত অতি সাধারণ ওষুধও পাওয়া যাচ্ছে না বালুরঘাট জেলা হাসপাতালে। চিকিৎসকরা প্রেসক্রিপশনে নির্দিষ্ট ওষুধ লিখে দিলেও তা হাসপাতালে পাওয়া যাচ্ছে না। ন্যায্য মূল্যের ওষুধের দোকানেও সেই ওষুধ অমিল । তা বাইরের দোকান থেকে কিনতে হচ্ছে। এদিন রাতেও জয়শ্রী দত্ত নামে একজন ওই ওষুধ খুঁজেছেন। তাঁর দাবি, ওই ওষুধ খুঁজতে হন্যে হয়ে ঘুরে বেড়াতে হয়েছে। কিন্তু কোথাও মেলেনি। তিনি বলেন, জেলা হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় এই ওষুধ পাওয়া যাচ্ছে না। অবাক হয়ে যাচ্ছি। ওই ওষুধের জন্য আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। অবশেষে বাইরের এক দোকান থেকে কিনে আনতে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *