৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলেই মহকুমা শাসক হবেন ডব্লিউবিসিএসরা, বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাব পাশ হয়েছিল আর ২৪ ঘন্টার মধ্যে তা সরকারি বিজ্ঞপ্তির আকার নিল। মুখ্যমন্ত্রীর ঘোষণার ১ দিনের মধ্যেই সিলমোহর পড়ল ডব্লিউবিসিএস অফিসারদের পদোন্নতি ও পোস্টিং সংক্রান্ত নয়া বিধিতে। নবান্নের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এদিন জানিয়ে দেওয়া হয়, এখন থেকে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকলেই মহকুমা শাসক হওয়ার সুযোগ পাবেন ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) আধিকারিকরা।

জানা গেছে রাজ্য সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এই নতুন নিয়ম কার্যকর করার কথা ঘোষণা করা হয়েছে। রাজ্যপালের আদেশক্রমে অতিরিক্ত মুখ্যসচিব স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে ‘ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস (এক্সিকিউটিভ) অফিসার্স (পে) রুলস, ২০২১ ’-এর সংশোধনী আনা হয়েছে। এমনকি মন্ত্রিসভার বৈঠকের ঠিক পরেই এত দ্রুত বিজ্ঞপ্তি জারি হওয়ায় আমলা মহলে ইতিবাচক বার্তা গিয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সংশোধনী অনুযায়ী, যে সমস্ত ডব্লিউবিসিএস (এক্সিকিউটিভ) অফিসার একটানা 5 বছর ‘সন্তোষজনক’ ভাবে কাজ সম্পন্ন করেছেন, এখন থেকে তাঁদের সাব-ডিভিশনাল ম্যাজিস্ট্রেট বা সাব-ডিভিশনাল অফিসার পদে নিয়োগের জন্য বিবেচনা করা হবে। এই সময়সীমা গণনার ক্ষেত্রেও অফিসারদের বড়সড় স্বস্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, ৫ বছরের এই মেয়াদের মধ্যে সংশ্লিষ্ট অফিসারের ‘প্রবেশন পিরিয়ড’ এবং ব্লক ডেভেলপমেন্ট অফিসার বা সমতুল্য পদে কাজের সময়কালও অন্তর্ভুক্ত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *