‘মহাত্মা’ বাদ মনরেগা প্রকল্প থেকে থেকে, তৃণমূলের তুমুল বিক্ষোভ সংসদ চত্বরে, প্রতিবাদে সরব বাকি বিরোধীরাও
বেস্ট কলকাতা নিউজ : ১০০ দিনের কাজ বা মহাত্মা গান্ধি জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা আইন (মনরেগা)-এর নাম পরিবর্তন করার কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে ব্যাপক উত্তাল হল সংসদ চত্বর । মোদি সরকারের এই প্রস্তাবিত বিলের বিরোধিতায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস-সহ ইন্ডিয়া ব্লকের শরিক দলগুলি । এদিন সংসদ ভবনের বাইরে ধরনায় শামিল হন তৃণমূলের তিন সাংসদ মিতালী বাগ, অসিতকুমার মাল এবং প্রকাশ চিক বরাইক । তাঁদের অভিযোগ, বিজেপির সরকার গ্রামীণ ভারতের দরিদ্র মানুষের জীবনরেখাকে মুছে ফেলার চেষ্টা করছে ।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই পদক্ষেপ কেবল একটি ‘নাম পরিবর্তন’ নয়, এটি গ্রামীণ অর্থনীতির ওপর এক পরিকল্পিত ‘আদর্শগত আঘাত’। বিরোধী শিবিরের দাবি, দীর্ঘ কয়েক বছর ধরে বিজেপি সরকার এমজিএনআরইজিএ প্রকল্পকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে । কখনও ফান্ড আটকে রাখা হয়েছে, কখনও আবার শ্রমিকদের মজুরি দিতে দেরি করা হয়েছে । এবার আইনের নাম পরিবর্তন করে সেই প্রকল্পের অস্তিত্বকেই সংকটে ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ বিরোধীদের । সংসদ চত্বরে ধরনা চলাকালীন তৃণমূল সাংসদদের কণ্ঠে শোনা যায় কেন্দ্রের প্রতি তীব্র সমালোচনার সুর । তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকার কাজের সংস্থান করতে ব্যর্থ হয়ে এখন নাম পরিবর্তনের রাজনীতিতে নেমেছে । এই বিলটিকে গ্রামীণ ভারতের দরিদ্র মানুষের স্বার্থরক্ষার পথে ‘শেষ পেরেক’ হিসেবে চিহ্নিত করেছেন তাঁরা ।
মনীষীদের অবমাননার অভিযোগ : কেন্দ্রের এই সিদ্ধান্তের মাধ্যমে ভারতের গৌরবময় ইতিহাস এবং মনীষীদের অপমান করা হচ্ছে বলেও সরব হয়েছে তৃণমূল । দলের পক্ষ থেকে জারি করা এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘মহাত্মা’ শব্দটির সঙ্গে জড়িয়ে রয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগ । তিনিই মোহনদাস করমচাঁদ গান্ধিকে ‘মহাত্মা’ উপাধিতে ভূষিত করেছিলেন । ফলে প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধির নাম সরিয়ে দেওয়ার অর্থ হল কবিগুরু এবং জাতির জনক – উভয়কেই অসম্মান করা । এদিকে তৃণমূলের অভিযোগ, বিজেপি সরকার এমন এক প্রকল্পের নাম বিকৃত করতে চাইছে যা শ্রমিকের মর্যাদা এবং অধিকারের প্রতীক । গ্রামীণ ভারতের কোটি কোটি শ্রমিক, যাঁদের ঘাম ও পরিশ্রমে গ্রাম বাংলার তথা ভারতের অর্থনীতি টিকে আছে, তাঁদের প্রতিও এটি চরম অবমাননা ।

