সাত সকালেই এলো হুমকি মেল, বোমাতঙ্ক ছড়ালো দিল্লির একাধিক স্কুলে! অবশেষে তদন্তে নামলো দিল্লি পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : সকালের আলো ফুটতেই উত্তেজনা ছড়ায় দিল্লির একাধিক স্কুলে। ৯টি স্কুলে বোমা রাখা হয়েছে! এমনটাই ইমেল আসে। সেই ঘটনার খবরে পেয়ে স্কুলগুলিতে এসে পৌঁছোয় পুলিশ, দমকল এবং বোম্ব স্কোয়াডের আধিকারিকরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ, সোমবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে ৯টার মধ্যে বোমা বিস্ফোরণ ঘটানোর হুমকি মেইল আসে পরপর একাধিক স্কুলে। সেই সঙ্গেই স্কুলগুলিকে খালি করে দেওয়া হয়। পড়ুয়া এবং শিক্ষক-শিক্ষিকাদের নিরাপদ স্থানে পৌঁছে দেয় পুলিশ আধিকারিকরা। স্কুলগুলিকে ফাঁকা করে তল্লাশি শুরু হয়। বোমা হামলার এইরকম হুমকি বারবার বিভ্রাটে ফেলছে দিল্লির স্কুলগুলিকে। সেই আতঙ্কে পড়ুয়াদের স্কুলে পাঠাতে ভয় পাচ্ছেন অভিভাবকরা।

এছাড়াও এদিকে খলিস্তানপন্থী সংগঠনের দ্বারা স্বাক্ষরিত একটি ইমেলে সতর্ক করে দেওয়া হয়েছে, সপ্তাহের শেষে ১৩ ফেব্রুয়ারি ১টা ১১ মিনিট নাগাদ সংসদে বিস্ফোরণ ঘটানো হবে। গত ২৯ জানুয়ারি একই ঘটনা ঘটেছিল দিল্লির পাঁচটি স্কুলে এবং ২৮ জানুয়ারি দ্বারকা আদালতে বোমা আছে বলে উড়ে এসেছিল হুমকি ইমেল। তল্লাশি চালানোর পর কিছুই পাওয়া যায়নি এমনটাই জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। দিল্লি পুলিশ জানিয়েছেন এই রকম ঘটনা বারবার বিভ্রাটে ফেলছে সাধারণ মানুষদের। কারা এবং কোথা থেকে এইরকম ঘটনা ঘটাচ্ছে তা খতিয়ে দেখছে পুলিশ।

