এক বড় পদক্ষেপ নারী নিরাপত্তায়, মহিলা বাসযাত্রীদের জন্য চালু হল বিশেষ হেল্পলাইন নম্বর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এক অভিনব ও সময়োপযোগী পদক্ষেপ করল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট (ADPC) । বাসে যাতায়াতের সময় কোনও অপ্রীতিকর পরিস্থিতি বা হেনস্তার শিকার হলে মহিলারা যাতে দ্রুত পুলিশের সাহায্য পেতে পারেন, তার জন্য ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চালু করা হল বিশেষ হেল্পলাইন নম্বর । নম্বরটি হল – ৮১১৬৬০৪৪০২৷

সাম্প্রতিককালে বাসে মহিলাদের সুরক্ষা নিয়ে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিচ্ছিল । সেই বিষয়টিকে গুরুত্ব দিয়ে পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগ এই উদ্যোগ নিয়েছে । কমিশনারেট এলাকার প্রতিটি রুটের বাসে এখন থেকে পুলিশের পক্ষ থেকে স্টিকার লাগানো হচ্ছে, যেখানে নির্দিষ্ট হেল্পলাইন নম্বর এবং কন্ট্রোল রুমের নম্বর দেওয়া থাকছে ।​ বাসে দৃশ্যমান স্থানে হেল্পলাইন নম্বর প্রদর্শন করা হচ্ছে, যাতে বিপদে পড়লে মহিলারা তৎক্ষণাৎ ফোন করতে পারেন ।

আর এদিকে কন্ট্রোল রুমে ফোন আসামাত্রই নিকটবর্তী ট্রাফিক পোস্ট বা মোবাইল ভ্যানকে সতর্ক করা হবে ।​ সাদা পোশাকে পুলিশি নজরদারির পাশাপাশি চালক ও কন্ডাক্টরদেরও সচেতন করা হচ্ছে । কেবল ফোন নয়, হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অভিযোগ জানানোর সুবিধা থাকছে কিছু ক্ষেত্রে । পুলিশের পক্ষ থেকে অতি দ্রুত হেল্পলাইন নম্বর সমস্ত বাস, অটো, টোটোগুলিতে লাগিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে । এসিপি (দুর্গাপুর) ট্রাফিক রাজকুমার মালাকার বলেন, “মহিলাদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার । অনেক সময় বাসে ভিড়ের সুযোগ নিয়ে অভব্য আচরণ করা হয়, যা মহিলারা সব সময় লোকলজ্জার ভয়ে বলে উঠতে পারেন না । এই হেল্পলাইন নম্বরটি তাদের মনে সাহস জোগাবে এবং অপরাধীদের মধ্যে ভয়ের সৃষ্টি করবে । এছাড়াও অনেক সময় মহিলাদের সঙ্গে ভাড়ার বিষয়ে এবং নির্দিষ্ট জায়গায় মহিলা যাত্রীদের নামানোর বিষয়েও বাসের কন্ডাক্টার দুর্ব্যবহার করেন । তাই পুলিশ কমিশনারের নির্দেশে আমরা এই হেল্পলাইন চালু করলাম।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *