ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আইনজীবীর পোশাকে আদালতে হাজির রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী
বেস্ট কলকাতা নিউজ : ভোট পরবর্তী হিংসার মামলায় হাইকোর্টে এলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ হাইকোর্টে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন দেখা গেল আইনজীবীর পোশাকে। সকাল ১০টার কিছু পর মূল দরজা দিয়ে কলকাতা হাইকোর্টে ঢোকেন তিনি। আইনজীবীদের জন্য নির্ধারিত পোশাক পরেই আদালতে ঢোকেন। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তাঁর সঙ্গে আদালতে আসেন চন্দ্রিমা ভট্টাচার্য এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ও।

উল্লেখ্য , ভোট-পরবর্তী হিংসার অভিযোগ তুলে রাজ্যের উচ্চ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মামলাটির গুরুত্ব বিবেচনা করে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ দ্রুত শুনানির আবেদন মঞ্জুর করেছিল। আজ বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই কলকাতা হাইকোর্টে উপস্থিত হলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘‘প্রথমবার হাইকোর্টে সওয়াল করছি। ১৯৮৫ সালে বার কাউন্সিলে আমার নাম নথিভুক্ত হয়। সময় পরপর আমার মেম্বারশিপ রিনিউ করেছি।’’ গত ১২ মে কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী হিংসার মামলা দায়ের করে তৃণমূল। দলের পক্ষে আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় জনস্বার্থ মামলা করেন। দ্রুত শুনানির আবেদন জানিয়ে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল। তখনই ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, আজ, বৃহস্পতিবার মামলার শুনানি হবে।

