এবার সাইবার প্রতারণার ফাঁদে পড়লো কলকাতার প্রাক্তন সিপি মনোজ ভার্মার ছেলে, অভিযুক্তকে গ্রেপ্তার করলো লালবাজার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : সাইবার প্রতারণার শিকার হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনারের ছেলে। পেয়িং গেস্ট থাকার জন্য অনলাইনে বুকিং করতে গিয়ে তিনি ৩০ হাজার টাকা খুইয়েছেন বলে অভিযোগ। তদন্তে নেমে ওড়িশা থেকে রাকেশ প্রধান নামে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে লালবাজার। অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ লাল মিত্র ব্যাঙ্কশাল আদালতে দাবি করেন, অভিযোগকারী কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ ভার্মার ছেলে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লির লাজপত নগরের বাসিন্দা ওই যুবক পেয়িং গেস্টের ব্যাপারে অনলাইনে খোঁজ করছিলেন। এ সংক্রান্ত একটি ওয়েবসাইট তাঁর নজরে আসে। অক্ষয় নামে একটি পেয়িং গেস্টের মালিক তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করে। ওই ব্যক্তি হোয়াটসঅ্যাপে এ সংক্রান্ত বিভিন্ন তথ্য পাঠায়,এবং বলে, পেয়িং গেস্ট থাকার জায়গাটি দেখতে হলে একটি টিকিট নিতে হবে। এর জন্য ৩০০০ হাজার টাকা খরচ আছে। অভিযোগকারী ২৭ জানুয়ারি অনলাইনে ওই টাকা পাঠিয়ে দেন। কিছুক্ষণ পর অক্ষয় ফোন করে বলে, টিকিট ইস্যু করার ক্ষেত্রে কিছু সমস্যা হচ্ছে। তাই আবার তিন হাজার টাকা পাঠাতে হবে। এই টাকা সে ফেরত দিয়ে দেবে। তার কথায় বিশ্বাস করে প্রাক্তন পুলিশকর্তার ছেলে আবারও তিন হাজার টাকা পাঠিয়ে দেন। এরপর তাঁকে জানানো হয়, এক মাসের ভাড়া অগ্রিম না দিলে টিকিট ইস্যু করা যাচ্ছে না। তখন অভিযোগকারী দু’দফায় ২৩ হাজারের কিছু বেশি টাকা পাঠান। সমস্ত টাকাই তাঁকে ফেরত দেওয়া হবে বলে জানানো হয়েছিল। কিন্তু টাকা ফেরত না পেয়ে তিনি বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। তিনি ২৮ জানুয়ারি লালবাজারে ইমেলের মাধ্যমে অভিযোগ করেন। আরও জানান, আকাশ প্যাটেল ও সঞ্জয় কুমার নামে দু’জনের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছিল।
এদিকে তদন্তে নেমে গোয়েন্দারা দেখেন, এই টাকা রাকেশ প্রধান নামে ওড়িশার এক ব্যক্তির অ্যাকাউন্টে গিয়েছে। ২ ফেব্রুয়ারি রাতে ভুবনেশ্বরের চন্দ্রশেখরপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে লালবাজার। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় নিয়ে এসে ৪ ফেব্রুয়ারি ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়। বিচারক তাকে পুলিশ হেপাজতে পাঠান। গতকাল বুধবার তাকে ফের আদালতে তোলা হয়। সওয়াল শেষে বিচারক রাকেশকে ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেপাজতের নির্দেশ দেন।

