কাঁকসায় বহুতল থেকে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক নার্সের ! কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে এলো পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : রহস্য জনক ভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার কাঁকসার এক বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের এক নার্সের ৷ জানা গেছে বহুতল আবাসন থেকে নীচে পড়েই মৃত্যু হয়েছে ওই নার্সের৷ আর এই ঘটনার জেরে এদিন ব্যাপক চাঞ্চল্যও ছড়াল এলাকায়। কাঁকসার গোপালপুরে ওই বহুতল আবাসনে মূলত বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্সিং-এর কর্মীরা থাকেন ৷ সেখানেই থাকতেন ওই নার্সও ৷ সূত্রের খবর, বহুতল আবাসন থেকে পড়েই মৃত্যু হয়েছে ওই নার্সের। জানা গিয়েছে, মৃত নার্সের নাম মন্দিরা পাল (২৪ )।

অবশেষে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ৷ মূলত বাঁকুড়ার বিষ্ণুপুরের বাসিন্দা ছিলেন মৃত ওই নার্স। জানা গিয়েছে এক বহুতল আবাসনের আট তলায় থাকতেন মৃত ওই নার্স। পুলিশ সূত্রে খবর, ওই নার্স মলানদিঘির এক বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত ছিলেন ৷ গতকাল বুধবার রাতে বহুতল আবাসনের নীচ থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
এদিকে মৃত নার্সের সহকর্মী বিন্দা কুমারী বলেন, “রাত্রি ৮ টা নাগাদ মন্দিরা পালের রক্তাক্ত দেহ নীচে পড়ে থাকতে দেখে সবাই ছুটে যাই ৷ কী কারণে কীভাবে সে নীচে পড়ে গিয়েছে, তা আমরা বলতে পারব না। আটতলা থেকেই পড়েছে কি না, তাও বলতে পারব না। মন্দিরা বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের নার্স ছিল। আমাদেরই সহকর্মী ছিলেন। এর বেশি কিছুই জানি না আমরা। “তবে সে কি নিজেই বহুতল থেকে ঝাপ দিয়েছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? তা স্পষ্ট হয়নি। পুলিশ দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। এই মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা জানতেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ । পুলিশ ও বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালের পক্ষ থেকে মন্দিরার পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

