কাজে লাগান ভিন রাজ্যের বিচারকদের, বাংলায় SIR-এর কাজ দ্রুত শেষ করতে কমিশন কে নির্দেশ সুপ্রিম কোর্টের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : SIR-এর লজিক্যাল ডিসক্রিপেন্সির কাজ শেষ করার জন্য এবার ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারকদের কাজে লাগাতে নির্দেশ সুপ্রিম কোর্টের । পরিস্থিতি বিস্তারিত জানিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল সুপ্রিম কোর্টে গত ২২ ফেব্রুয়ারি চিঠি দিয়েছিলেন ৷ সেখানে তিনি জানিয়েছিলেন প্রায় ৮০ লক্ষ নথি খতিয়ে দেখার কাজ এখনও বাকি । এই পরিস্থিতিতে রাজ্যের ২৯৪ জন কর্মরত ও প্রাক্তন বিচারকদের নিয়োগ করা হয়েছে । তাঁরা প্রতিদিন ২৫০ জনের নথি যাচাই করলেও ৮০ দিন লেগে যাবে এই কাজ সম্পন্ন করতে । এদিকে আজ, জরুরি ভিত্তিতে মামলার শুনানি হয় সুপ্রিম কোর্টে।

প্রায় ৮০ লক্ষ লজিক্যাল ডিসক্রিপেন্সি এবং আনম্যাপড তালিকা রয়েছে । এর মধ্যে জেলা বিচারক এবং অতিরিক্ত জেলা বিচারক পদমর্যাদার ২৫০ জন বিচার বিভাগীয় অফিসারকে প্রায় ৫০ লক্ষ দাবি যাচাইয়ের দায়িত্ব দেওয়া হয়েছে । শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ নির্দেশ দিয়েছে, পার্শ্ববর্তী রাজ্যের বিচারক যারা বাংলা ভাষা বোঝেন, তাঁদের নিযুক্ত করতে পারেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি ৷ রাজ্যের আইনজীবী কপিল সিব্বল ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঝাড়খণ্ড ও ওড়িশা থেকে বিচারক নিয়োগের বিরোধী ৷ তাঁরা বলেন, “ওই বিচারকরা (ওড়িশা ও ঝাড়খণ্ডের) বাংলা ভাষা বুঝতে পারবেন না, ফলে সমস্যা হবে ।” এর জবাবে সুপ্রিম কোর্টের তিন বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিপুল এম পাঞ্চোলির বেঞ্চ জানিয়েছে, যেহেতু ভৌগোলিকভাবে এই রাজ্যগুলি পাশাপাশি রয়েছে ফলে কিছু অংশের লোকজন পশ্চিমবঙ্গের ভাষা বোঝেন । এ ব্যাপারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সিদ্ধান্ত নেবেন ।

একইসঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শুধুমাত্র পকসো ও এনডিপিএস আদালতের বিচারকদের নিয়োগ করা হয়েছে । শীর্ষ আদালত এই বক্তব্যকে গুরুত্ব দেয়নি ৷ আগামী ২৮ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন বাংলায় SIR পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে । পরে কাজ যেভাবে এগোবে সেইভাবেই অতিরিক্ত তালিকা প্রকাশ করবে ।এই পরিস্থিতির উপর বিচার করে প্রধান বিচারপতি জানান, নথি যাচাইয়ের এই কাজে হাইকোর্টের প্রধান বিচারপতি ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন (সিনিয়র ও জুনিয়র ডিভিশনের) জজ পদমর্যাদার অফিসারদেরও অন্তর্ভুক্ত করতে পারবেন । কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির তরফে কোনও আবেদন এলে সে বিষয়ে সাহায্য করার জন্য প্রধান বিচারপতি ওড়িশা এবং ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতিদের অনুরোধ করেন ৷ ভয়াবহ পরিস্থিতি এবং সময়ের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করে, প্রধান বিচারপতির বেঞ্চ বাংলায় এসআইআরের বিষয়টি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিন রাজ্যের বিচারকদের নিয়োগের অনুমতি দিয়েছে । ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকে বিচার বিভাগীয় আধিকারিকদের নিয়োগের খরচ বহন করবে নির্বাচন কমিশন, এমনটাই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *