নির্মাণ কাজ চলছে জোরকদমে চলছে, ১০০ বস্তিবাসী নতুন ফ্ল্যাট পেতে চলেছে সরকার গঠনের আগেই
বেস্ট কলকাতা নিউজ : ভোটের আগেই হাতে ফ্ল্যাটের চাবি পেতে পারেন । তবে কিছু নামমাত্র কাজ বাকি ৷ তাই বড় জোর ভোট মিটলেই বস্তিবাসী ১০০ টি পরিবার পাবেন মাথার উপর নতুন ছাদ । নতুন ফ্ল্যাট । শেষ মুহূর্তে বাগবাজার মায়ের বাড়ি প্রকল্পে কাজ চলছে জোরকদমে ।সারদা মায়ের বাড়ি শুধু কলকাতা বা বাংলার মানুষজনের কাছে নয়, দেশ-বিদেশের অসংখ্য ভক্তের কাছে অন্যতম গন্তব্য । আর তাই সেই বাড়ি-সহ আশপাশের পুরো এলাকা সুন্দর করে সাজিয়ে তোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কাজও শুরু হয়েছে বছর দেড়েক আগে ৷ এই প্রসঙ্গে কলকাতা কর্পোরেশনের এক আধিকারিক বলেন, “টুকটাক কাজ বাকি ৷ যে সময়কাল আমাদের বলা হয়েছে, তাতে রাজ্যে ভোট ঘোষণা হয়ে গেলেও নতুন সরকার শপথ নেওয়ার আগেই এই প্রকল্পে বস্তিবাসী মানুষজন হাতে পাবেন নিজেদের ফ্ল্যাটের চাবি ।”

প্রথম ধাপে ৮০ টি পরিবার ফ্ল্যাট পেয়েছে । তারপর প্রায় ৪ কোটি টাকা খরচে শুরু হয়েছিল দ্বিতীয় ধাপের কাজ । এই ধাপে তৈরি হয়েছে বাংলার বাড়ি প্রকল্পের টাকায় 5টি বিল্ডিং ৷ যার প্রতিটিতেই আছে ২০ টি করে ফ্ল্যাট । সেই কাজ খতিয়ে দেখতে গত নভেম্বর মাসে সরেজমিনে ঘুরে দেখেছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ উত্তরণ (বস্তি) স্বপন সমাদ্দার । সবে পিলার ও ঢালাই হয়েছিল । তারপর কাজের গতি আসে । বর্তমানে দাঁড়িয়ে আর নামমাত্র কাজ বাকি ।সম্প্রতি, কারা ফ্ল্যাটের চাবি হাতে পাবে তাদের জানিয়েও দেওয়া হয়ছে । কিছুদিনের মধ্যেই কে, কোন ফ্ল্যাট পাবেন সেটা লটারির মাধ্যমে নির্দিষ্ট হয় যাবে । ব্যাস তারপর গরিব ঘিঞ্জি বস্তিবাসী প্রান্তিক পরিবারের স্বপ্ন পূরণ । শুরু করবেন পাকা ছাদের তলায় সুন্দর ও সুস্থ পরিবেশে বসবাস । নিজেদের শৌচালয় থেকে রান্না ঘর । দুই কামরার ফ্ল্যাট । কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, বিধানসভা ভোটের দিন ঘোষণার আগেই যাতে ফ্ল্যাট প্রাপকদের হাতে চাবি তুলে দেওয়া যায় সেই লক্ষ্য নিয়েই বিদ্যুৎ গতিতে শেষ মুহূর্তের কাজ চলছে । তবে সেই লক্ষ্যমাত্রা কোনওভাবে ছুঁতে না-পারলে নতুন সরকারের শপথের আগেই প্রাপকরা পেয়ে যাবেন নতুন ফ্ল্যাট ।

