ফের হুমকি মেল এলো সিউড়ি জেলা আদালতে, হুঁশিয়ারি কাসভের নাম নিয়েও
বেস্ট কলকাতা নিউজ : একদিকে পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের নির্বাচন ঘিরে সরগরম আদালত চত্বর, অন্যদিকে ‘বিবেচনাধীন’ ভোটারদের নথি যাচাই করতে জেলায় পা রেখেছেন ভিন রাজ্যের বিচারকরা। এই আবহে সোমবার সিউড়ি জেলা আদালতে ফের বোমাতঙ্ক ছড়াল। গত ২৫ ফেব্রুয়ারির পর এই নিয়ে দ্বিতীয়বার আদালত ওড়ানোর হুমকি দিয়ে ইমেল আসায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। হুমকি মেলে মুম্বই হামলার অন্যতম পান্ডা আজমল কাসভের নাম উল্লেখ করে প্রশাসনকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি দেওয়া গিয়েছে। সাফ জানানো হয়েছে, ‘বিষয়টিকে হালকাভাবে নেবেন না।’ এনিয়ে ফের শোরগোল শুরু হয়েছে।

এদিকে আদালত সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জেলা আদালতের অফিসিয়াল ইমেল আইডিতে একটি অচেনা ঠিকানা থেকে বার্তা আসে। সেখানে দাবি করা হয়, আদালত চত্বরে বোমা রাখা আছে এবং যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে। খবরটি জানাজানি হতেই পুলিশ ও বম্ব স্কোয়াডের তৎপরতা শুরু হয়। মেটাল ডিটেক্টর ও অত্যাধুনিক বোমা শনাক্তকরণ যন্ত্র নিয়ে শুরু হয় চিরুনি তল্লাশি। বিচারকদের এজলাস থেকে শুরু করে আদালতের আনাচকানাচ, সর্বত্র তন্নতন্ন করে খোঁজ চালান তদন্তকারীরা। যদিও দীর্ঘ তল্লাশির পর কোনো সন্দেহজনক বস্তুর হদিশ মেলেনি।
জেলা আদালতের সরকারি আইনজীবী মলয় মুখোপাধ্যায় এই হুমকির বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন। তিনি জানান, ‘এর আগে গত ২৫ ফেব্রুয়ারি ঠিক যে ধরনের মেল এসেছিল, এবারের ভাষা প্রায় অনুরূপ। তবে এবার বাড়তি কিছু কথা জোড়া হয়েছে। আজমল কাসভের নাম উল্লেখ করে লেখা হয়েছে, ‘আজমল কাসভের কথা মনে আছে তো?’ শুধু তাই নয়, বিষয়টি হালকাভাবে না নেওয়ার জন্য রীতিমতো শাসানো হয়েছে। লঘু করে দেখার পরিণতি কী হতে পারে, তা বোঝাতে অন্য রাজ্যে ঘটা বিস্ফোরণের ঘটনার উদাহরণও টানা হয়েছে মেলের বয়ানে। উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি জেলা বিচারকের কাছে আসা প্রথম হুমকি মেলের জেরে প্রায় দু’ ঘণ্টা কাজ ব্যাহত হয়েছিল। সেদিন আদালত চত্বর খালি করে তল্লাশি চালিয়েছিল পুলিশ। তবে সোমবার হুমকি এলেও আদালতের স্বাভাবিক কাজকর্মে বড়ো কোনো প্রভাব পড়েনি।

