অ্যাসিড হামলায় আক্রান্তদের সরকারি চাকরি বা ভাতা দেওয়া হোক, রাজ্য সরকার গুলিকে এক বিরাট বার্তা দিলো দেশের শীর্ষ আদালত
বেস্ট কলকাতা নিউজ : অ্যাসিড আক্রান্তদের জন্য সরকারি চাকরি নিশ্চিত করতে নীতি প্রণয়নে সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে উদ্যোগ নিতে বলল সুপ্রিম কোর্ট। চাকরির ব্যবস্থা করা না গেলে ভাতা দেওয়ার জন্য নীতি তৈরির কথাও জানিয়েছে প্রধান বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ।

শীর্ষ আদালত জানিয়েছে, অ্যাসিড হামলায় আক্রান্তদের পুর্নবাসনে সরকারি দপ্তরে কেন তাঁদের চাকরির জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, তা সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির কাছে জানতে চাওয়া হবে। বেঞ্চের তরফে আরও বলা হয়, যদি অ্যাসিড হামলায় আক্রান্তদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে রাজ্যগুলি তাঁদের ভাতা দেওয়ার জন্য নীতি তৈরি করতে পারে। জানা গিয়েছে, শাহিন মালিক নামে এক অ্যাসিড আক্রান্তের হয়ে সুপ্রিম কোর্টে মামলা লড়ছেন বিশিষ্ট আইনজীবী সিদ্ধার্থ লুথরা।
তিনি আদালতে জানিয়েছেন, শাহিন মালিক ব্যাংক অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে আধার কার্ড তৈরি, সম্পত্তি নথিভুক্তিকরণ বা মোবাইলের সিম কার্ড কিনতে গিয়েও সমস্যায় পড়ছেন। অ্যাসিড আক্রান্ত হওয়ায় কেওয়াইসি রেজিস্ট্রেশন করতে গিয়েও সমস্যায় পড়ছেন তিনি। সেই মামলার শুনানিতেই ওই নির্দেশ দেয় শীর্ষ আদালত। উল্লেখ্য, শাহিন মালিকের উপর অ্যাসিড হানা মামলায় নিম্ন আদালত থেকে রেহাই পেয়ে গিয়েছিল অভিযুক্ত। তার পরেই শীর্ষ আদালতের দ্বারস্থ হন তিনি। চলতি বছরের শুরুতে এই মামলার শুনানিতে অ্যাসিড হামলায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলেছিল সুপ্রিম কোর্ট। আদালত জানায়, প্রয়োজনে হামলাকারীর সম্পত্তি নিলাম করে আক্রান্তকে ক্ষতিপূরণ দেওয়া হোক।

