LPG-ঘাটতির আবহেই কলকাতায় পাইপ লাইনে গ্যাস সরবরাহের প্রস্তাব উঠলো কর্পোরেশনের মাসিক অধিবেশনে
বেস্ট কলকাতা নিউজ : বাণিজ্যিক, ঘরোয়া ও অটো এলপিজি-র দাম বৃদ্ধির সঙ্গে-সঙ্গে, সরবরাহে ঘাটতি থাকায় পরিষেবাও প্রায় নেই বললেই চলে ৷ এই সংকটজনক পরিস্থিতিতে, এবার কলকাতা শহরে পাইপ লাইনের মাধ্যমে রান্নার গ্যাস বা এলপিজি সরবরাহের প্রস্তাব উঠল কলকাতা পুরনিগমের মাসিক অধিবেশনে ৷ সেখানেই পরিকল্পনার অভাবের অভিযোগ তুললেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম ৷ এসআইআর-এর মতো সাধারণ মানুষকে যাতে গ্যাসের জন্য লাইনে দাঁড়াতে না-হয়, সেই ব্যবস্থা করার দাবি জানালেন তিনি ৷
এদিন ফিরহাদ হাকিম বলেন, “এসআইআর করে দেশবাসীকে লাইনে দাঁড় করিয়েছেন ৷ আবার যাতে গ্যাসের লাইনে দাঁড়াতে না-হয়, এই সংকট মেটানোর দায় নিতে হবে কেন্দ্রকে ৷ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করতে হবে ৷” অন্যদিকে, এদিন কলকাতা পুরনিগমের অধিবেশনে উঠে এল ইরান-ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ ৷ সেখানে বলা হয়, মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের জেরে জ্বালানি তেল ও গ্যাসের সংকট তৈরি হয়েছে ৷ আবার এই সংকটের পরিস্থিতিতে এবার বাড়ি-বাড়ি পানীয় জলের মতো, পাইপ লাইনের মাধ্যমে গ্যাসের সংযোগ দেওয়ার দাবি তুললেন তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত ৷

এদিন কলকাতা কর্পোরেশন মাসিক অধিবেশনে তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্ত প্রস্তাব উত্থাপন করে বলেন, “কলকাতা কর্পোরেশনের বেশ কিছু অঞ্চলে পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সাপ্লাই করার ব্যবস্থা আছে ৷ এই কাজে উদ্যোগ নিয়েছিল বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশন ৷ রাজপুর-সোনারপুর, মধ্যমগ্রাম, বারাসত এলাকায় এমন গ্যাসের সংযোগ দেওয়া হবে ৷ কম খরচে এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাস পরিষেবা কলকাতা জুড়ে চালু করা হোক ৷”
কর্পোরেশন সূত্রে খবর, ১০ ও ১২ নম্বর বরোতে বেঙ্গল গ্যাস সাপ্লাই কর্পোরেশনকে এলপিজি পাইপ লাইন পাতার অনুমতি দিয়েছে কলকাতা পুরনিগম ৷ বাচ্চাদের মিড-ডে মিল, মা-ক্যান্টিন দুই গুরুত্বপূর্ণ প্রকল্পে ব্যাপক প্রভাব পড়েছে ৷ এই প্রসঙ্গে মেয়র ফিরহাদ হাকিম বলেন, “গ্যাসের প্রচণ্ড সংকট ৷ সিলিন্ডার সাপ্লাই তো সংকটে আছেই ৷ গ্যাস পাচ্ছি না ৷ দামও বেড়েছে ৷ মানুষ খুব সমস্যায় আছেন ৷ মা-ক্যান্টিন বা মিড-ডে মিলের গ্যাস পাওয়ার ক্ষেত্রে সমস্যা হচ্ছে ৷ সরাসরি আমাদের কিছু করার নেই ৷ তবে, অধিবেশনে আমাদের এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কাউন্সিলররা ৷

