চাষের খেতে ভয়াবহ আগুন রাজস্থানের কোটা জেলায়, পুড়ে ছাই হল ২০০ বিঘা জমির গম
বেস্ট কলকাতা নিউজ : ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ২০০ বিঘা জমির গম। ফসল কাটার মরশুমে মাথায় হাত রাজস্থানের কোটা জেলার বহু কৃষকের। জানা গেছে ,কোটা জেলার সুলতানপুর এলাকায় এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে। আরও জানা গেছে ঝোড়ো হাওয়ার কারণে এদিন আগুন দ্রুত ছড়িয়েও পড়ে একের পর এক চাষের জমিতে। এমনকি কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। কৃষিজমিতে এত বড়ো অগ্নিকাণ্ড এর আগে কখনো হয়নি বলেও এদিন জানান স্থানীয় বাসিন্দারা।

এমনকি ক্ষতিগ্রস্ত কৃষক জগদীশ মীনার আক্ষেপ, ‘৫০ বিঘা জমিতে গম ফলিয়েছিলাম। কয়েকদিনের মধ্যেই ফসল কাটার পরিকল্পনা ছিল। তার আগেই সব আগুনের গ্রাসে চলে গেল।’ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে এদিন জানান জগদীশ। মহাবীর নামের আর এক কৃষক বলেছেন, ‘৩-৪ লক্ষ টাকার ক্ষতি হল। ফসল কাটার পর তা খেতেই ফেলে রাখা হয়েছিল। সব পুড়ে ছাই হয়ে গিয়েছে।’ এদিকে এদিনের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে চরম গাফিলতির অভিযোগ তুলেছেন কৃষকরা। তাদের দাবি, আগুন দ্রুত ছড়িয়ে পড়া সত্ত্বেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এমনকি সময়মতো পৌঁছয়নি দমকলও । বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করতেও ব্যাপক গড়িমসি হয় বলে অভিযোগ। প্রশাসনের কাছে ক্ষতিপূরণের দাবি তুলেছেন কৃষকরা। কৃষকদের দাবি, ঝোড়ো হাওয়ার কারণে বিদ্যুতের ট্রান্সফরমারের তারে আগুনের ফুলকি দেখা গিয়েছিল। অনুমান সেখান থেকেই এদিন আগুন ছড়িয়ে পড়ে থাকতে পারে।

