খানাকুলের বালিগড়িতে ‘বাঁশের ব্রিজের একাংশ ধসে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন, নতিবপুর এলাকায় ছড়ালো এক চরম আতঙ্ক
হুগলি : হুগলির খানাকুলের নতিবপুর অঞ্চলে বড়সড় বিপর্যয়। বালিগড়ি এলাকায় অবস্থিত ‘বাঁশের’ ব্রিজের একাংশ হঠাৎ ভেঙে পড়ায় সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেল যান চলাচল। শনিবার সকালে এই ঘটনা ঘটতেই এলাকাজুড়ে চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই ব্রিজটির অবস্থা অত্যন্ত জীর্ণ ছিল। নিয়মিত মেরামতির অভাব এবং অতিরিক্ত ভারী যানবাহনের চাপই এই দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। ব্রিজ ভেঙে পড়ার সময় সৌভাগ্যবশত বড় ধরনের কোনও দুর্ঘটনা বা প্রাণহানির খবর মেলেনি, তবে অল্পের জন্য রক্ষা পেয়েছেন কয়েকজন পথচারী ও যানবাহনের চালক।

এই ব্রিজটি নতিবপুরসহ আশপাশের একাধিক গ্রামের মানুষের জন্য গুরুত্বপূর্ণ যোগাযোগের মাধ্যম ছিল। হঠাৎ এই বিপর্যয়ে দৈনন্দিন জীবনযাত্রায় ব্যাপক প্রভাব পড়েছে। স্কুল, বাজার, হাসপাতালসহ নিত্যপ্রয়োজনীয় কাজে যাতায়াতে চরম সমস্যার মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এদিকে ঘটনার খবর পেয়ে এদিন প্রশাসনের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। ব্রিজটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং বিকল্প রাস্তার ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে। পাশাপাশি, দ্রুত ব্রিজ মেরামত বা নতুন করে নির্মাণের দাবি তুলেছেন স্থানীয় মানুষজন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উদ্বেগ ক্রমশ বাড়ছে। প্রশাসনের দ্রুত পদক্ষেপের দিকেই এখন তাকিয়ে সকলেই।

