আই-প্যাক তল্লাশিতে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ইডি’র আবেদনের শুনানি
বেস্ট কলকাতা নিউজ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আই-প্যাক তল্লাশির বিষয়ে ইডি মামলার শুনানি ৷ আই-প্যাকের কার্যালয় এবং কোম্পানির কর্ণধার প্রতীক জৈনের বাসভবনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) তল্লাশি অভিযানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘হস্তক্ষেপ ও বাধা’ দেওয়ার অভিযোগে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল ইডি ৷ মঙ্গলবার সেই মামলা পিছিয়ে গেল ৷ পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি ৷

বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং এনভি আঞ্জারিয়ার সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) পক্ষে উপস্থিত সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান যে, রাজ্য সরকার এই বিষয়ে হলফনামা দাখিল করে সময় চেয়েছে ৷ এরপরই বেঞ্চ বিষয়টি স্থগিত করে ৷ গত ১৫ জানুয়ারি শীর্ষ আদালত বলেছিল যে, ইডি’র তদন্তে মুখ্যমন্ত্রীর কথিত ‘বাধা’ একটি ‘খুবই গুরুতর’ বিষয় ৷ রাজ্যের আইন প্রয়োগকারী সংস্থা কোনও কেন্দ্রীয় সংস্থার তদন্তে হস্তক্ষেপ করতে পারে কি না, তা খতিয়ে দেখতে সম্মত হয়েছিল । একই সঙ্গে আদালত ৮ জানুয়ারি রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আই-প্যাকে অভিযান চালানো ইডি আধিকারিকদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর-এর ওপর স্থগিতাদেশ জারি করে ৷
পাশাপাশি শীর্ষ আদালত রাজ্য পুলিশকে অভিযানের সিসিটিভি ফুটেজ সুরক্ষিত রাখার নির্দেশ দেয় । আই-প্যাকের কার্যালয়ে অভিযানে বাধা দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবিতে ইডি-র আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গ সরকার, ডিজিপি রাজীব কুমার এবং শীর্ষ পুলিশ আধিকারিকদের নোটিশ দিয়েছিল । ইডি আরও অভিযোগ করেছে যে, অভিযানের স্থানে প্রবেশ করে আই-প্যাকের কার্যালয় থেকে শারীরিক নথি এবং ইলেকট্রনিক ডিভাইস-সহ ‘গুরুত্বপূর্ণ’ প্রমাণ নিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ পাশাপাশি এই মামলার তদন্তে বাধা ও হস্তক্ষেপ করেছেন ৷

