উৎসবের নামে শব্দতাণ্ডব থেকে তুমুল বিশৃঙ্খলা, এক জোরালো প্রতিবাদ আবাসিকদের তরফ থেকে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : উৎসব পালনের নামে বুধবার বিকট শব্দে ডিজে বাজিয়ে কার্যত তাণ্ডব চালানো হল নিউটাউনে সাপুরজির সুখবৃষ্টি আবাসনে। অভিযোগ, এল-৬১ এবং এল-৫২ টাওয়ারের মাঝের অংশে নির্বিচারে পিষে ধ্বংস করা হয়েছে অসংখ্য ছোট গাছ। আবাসিকদের দাবি, যাঁরা এই কাজ করেছেন, তাঁদের বেশিরভাগই এই আবাসনের স্থায়ী বাসিন্দা বা ভাড়াটিয়াও নন। হাতে গোনা দু’একজন এলাকাবাসীর আহ্বানে বাইরে থেকে এসেছিলেন তাঁরা। বিষয়টি নিয়ে দফায় দফায় থানার অভিযোগও জানান অন্য বাসিন্দারা। পুলিশও আসে। অভিযোগ, উৎসব পালনের নামে এই তাণ্ডব চলতেই থাকে।

এদিকে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার গণ ডেপুটেশন দিলেন আবাসিকরা। ইতিমধ্যে নিউটাউনের টেকনোসিটি থানায় ডেপুটেশনের একটি কপি জমা দিয়েছেন তাঁরা। এছাড়াও সাপুরজি আবাসন কর্তৃপক্ষ সহ উত্তর ২৪ পরগনার জেলাশাসক, এনকেডিএ, হিডকো ইত্যাদি সংস্থাতেও ডেপুটেশন দেবেন বলে জানিয়েছেন। উৎসবের নামে এই ‘গুন্ডামি’ এবং ‘অসামাজিক’ আচরণের তীব্র নিন্দা করে আবাসিকরা ডেপুটেশনে আরো জানানো হয়েছে, যেভাবে আশপাশের ছোটো ছোটো গাছগুলিকে পিষে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে, বাগানে দেওয়ার জল নির্বিচারে ব্যবহার করা হয়েছে, তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এত তীব্র শব্দে ডিজে বাজানো হয়েছে। বয়স্ক, রোগী, শিশু সহ যাঁরা ঘরে বসে অফিসের কাজ করেন তাঁদের বিপুল সমস্যা হয়েছে। সাপুরজি আবাসন কর্তৃপক্ষের কাছে বাসিন্দারা আবেদন করেছেন, আগামী দিনে যাতে কোনোভাবে এমন আচরণ কেউ না করতে পারেন, সেটা নিশ্চিত করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *