টাকা দিলে তবেই মিলবে মেডিক্যাল সার্টিফিকেট, ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হল ১ চিকিৎসক
বেস্ট কলকাতা নিউজ : মহারাষ্ট্রের থানে জেলায় ঘুষ নেওয়ার অভিযোগে এক স্বাস্থ্য আধিকারিককে গ্রেপ্তার করল দুর্নীতি দমন শাখা। অভিযুক্ত চিকিৎসকের নাম ডাঃ অনিল পাটিল, তিনি মুরবাদ গ্রামীণ হাসপাতালে কর্মরত ছিলেন। সূত্রে জানা গিয়েছে, এক ব্যক্তি তাঁর বাবার রিভলভার লাইসেন্স নবীকরণের জন্য প্রয়োজনীয় মেডিক্যাল সার্টিফিকেট নিতে মুরবাদ হাসপাতালে যান।

অভিযোগ, হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক মহেন্দ্র হিন্দুরাও চিকিৎসা আধিকারিকের হয়ে সার্টিফিকেট দেওয়ার জন্য প্রথমে ৩,০০০ টাকা ঘুষ দাবি করেন। পরে সেই টাকা দর কষাকষি করাতে ২০০০ টাকায় নেমে আসে। ঘুষ দিতে অনিচ্ছুক ওই ব্যক্তি এর প্রতিবাদে সরাসরি দুর্নীতি দমন শাখার দ্বারস্থ হন। এরপর হাসপাতাল প্রাঙ্গণে ফাঁদ পাতে তদন্তকারীরা। দুর্নীতি দমন শাখার ইন্সপেক্টর রূপালি পোল জানান, ‘আমাদের দল অভিযুক্ত চিকিৎসককে হাতেনাতে ঘুষ নেওয়ার সময় ধরে ফেলে।” তবে অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালক বর্তমানে পলাতক এবং তাকে খোঁজার চেষ্টা চলছে’। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না এবং অন্য আবেদনকারীদের কাছ থেকেও এভাবে ঘুষ নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে তদন্তকারী দল। অভিযুক্ত ওই চিকিত্সকের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়েছে।

