দীর্ঘদিন বিকল সজল ধারা, পঞ্চায়েত ও পিএইচইর টালবাহানায় চরম ভোগান্তি স্থানীয় বাসিন্দাদের
বেস্ট কলকাতা নিউজ : দীর্ঘদিন ধরেই পানীয় জলের সমস্যায় ভুগছে নবদ্বীপ ব্লকের স্বরূপগঞ্জ পঞ্চায়েতের ভাগীরথী পাড়া, ডাকঘর পাড়া ও বিপ্রনগরে। বিজেপি পরিচালিত এই পঞ্চায়েত এলাকায় এই তিনটি সজলধারা প্রকল্প অকেজো হয়ে পড়ে রয়েছে। স্থানীয়দের অভিযোগ, স্বরূপগঞ্জ পঞ্চায়েত ও সমিতির টালবাহানায় এসব অকেজো সজল ধারাগুলি সারানো হয়নি। ভোটের সময় রাজনৈতিক দলের নেতারা প্রচারে এলে গ্রামবাসীরা তাঁদের কাছে বারবার বলেন, শুখা মরশুমে এখানে পানীয় জলের ব্যবস্থা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে। কিন্তু এবার এটাই এই এলাকার নির্বাচনী ইস্যু। এখানে বাড়ি, বাড়ি পৌঁছেছে ট্যাপকলের জল। কিন্তু সেই জল পানের অযোগ্য। কয়েক বছর আগে বেশ কয়েকটি সৌরশক্তিচালিত সোলার সজল ধারা প্রকল্প চালু হয়েছিল। কিন্তু সেগুলির মধ্যে এই তিনটি সজল ধারা প্রকল্পের কোনোটি একমাস, কোনোটি তিন মাস, আবার কোনোটি কয়েক বছর ধরে অকেজো। স্থানীয়রা বিষয়টি বারবার পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও পিএইচইকে জানিয়েছেন। এখনও পর্যন্ত কোনো সুরাহা হয়নি।

ভাগীরথী পাড়ার বাসিন্দা লক্ষ্মী দেবনাথ, সরলা বিশ্বাসরা বলেন, এই এলাকার অধিকাংশ মানুষই অর্থনৈতিক ভাবে খুবই দুর্বল। তা সত্ত্বেও জল কিনে খেতে হচ্ছে আমাদের।মহেশগঞ্জ বিপ্রনগরের বাসিন্দা দিলীপ ভৌমিক বলেন, এই সজলধারা দিয়ে কোনোদিন জল পাওয়া যায়, কোনোদিন পাওয়া যায় না। গাছগাছালি বেশি থাকায় সূর্যের আলো পৌঁছায় না। সোলার প্লেটও কাজ করে না। স্বরূপগঞ্জ পশ্চিমপাড়ার বাসিন্দা তথা পঞ্চায়েত সমিতির শিল্প কর্মাধ্যক্ষ সুতপা রায় চৌধুরী বলেন, প্রতিদিন আমাদের কাছে জলের সমস্যা নিয়ে অভিযোগ করছেন অনেকে। একজন জন প্রতিনিধি হিসেবে কাউকে কোনো উত্তর দিতে পারছি না।

