দুর্ঘটনার পর পেরিয়ে গিয়েছে চার-চারটে দিন , ল্যাম্বরগিনি কাণ্ডে অবশেষে গ্রেপ্তার হল কানপুরের ব্যবসায়ী পুত্র
বেস্ট কলকাতা নিউজ : ঘটনার পর পেরিয়ে গিয়েছে চার-চারটে দিন। অবশেষে গ্রেপ্তার করা হল কানপুরের ল্যাম্বরগিনি কাণ্ডের মূল অভিযুক্ত ধনী তামাক ব্যবসায়ী কে কে মিশ্রের ছেলে শিবমকে। আজ, বৃহস্পতিবার সকালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। মেডিকেল পরীক্ষার পর অভিযুক্তকে আদালতে তোলা হয়। তদন্তে অসহযোগিতা ও পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর অভিযোগে শিবমকে গ্রেপ্তার করা হয়েছে বলে আদালতে জানান সরকার পক্ষের আইনজীবী। গত রবিবার বিকেলে কানপুরের ব্যস্ত রাস্তায় ল্যাম্বরগিনির ধাক্কায় জখম হন ৬ জন। ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়িও।

পুলিশের ডেপুটি কমিশনার (কানপুর সেন্ট্রাল) এ কে শ্রীবাস্তব জানিয়েছেন, ‘শিবম মিশ্র কানপুরে আছে বলে আমাদের কাছে খবর ছিল। তার ভিত্তিতে পাঁচটি দল গঠন করা হয়। তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাঁকে আদালতে তোলা হয়েছে।’ গ্রেপ্তারের পর মুহূর্তের ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, মেডিকেল চেকআপের সময় পুলিশের কাঁধে ভর দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে যাচ্ছেন মূল অভিযুক্ত শিবম।
এদিকে ল্যাম্বরগিনি কাণ্ডে বিস্ফোরক দাবি করেন অভিযুক্তের বাবা তামাক ব্যবসায়ী কে কে মিশ্র। দাবি করেন, তাঁর ছেলে নয়, গাড়ির চালকের আসনে ছিলেন পরিবারের ড্রাইভার মোহন। শিবমকে সংজ্ঞাহীন অবস্থায় বাড়িতে আনা হয়েছিল। চিকিৎসার জন্য তাকে দিল্লিতে পাঠানো হয়েছে। যদিও কানপুরের পুলিশ কমিশনার রঘুবীর লাল যাদব স্পষ্ট জানিয়েছিলেন, ‘একাধিক তথ্যপ্রমাণ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দুর্ঘটনার সময় গাড়ি চালাচ্ছিলেন শিবমই।’ঘটনার সিসি ক্যামেরা ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের মোবাইলের নানা ভিডিয়ো সামনে এসেছে। দেখা গিয়েছে, দুর্ঘটনার পর শিবমকে গাড়ির চালকের আসন থেকে শিবমকে বের করে আনার চেষ্টা করছেন তাঁর দেহরক্ষীরা।

