পুরুলিয়ায় রান্নার গ্যাসের চরম সংকটের সুযোগ নিয়ে চরমে উঠলো অসাধু ব্যবসায়ীদের কালোবাজারি
বেস্ট কলকাতা নিউজ : গ্যাসের সিলিন্ডারের সরবরাহ কমতেই শুরু হয়েছে কালোবাজারি। মজুত থাকা কিছু বাণিজ্যিক সিলিন্ডার অতিরিক্ত বেশি দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ। গোটা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন জেলার ছোট বড় ব্যবসায়ীরা। পুরুলিয়া জেলা প্রশাসনের দ্বারস্থ হতে চলেছে ব্যবসায়ীরা। প্রসঙ্গত, কয়েকদিন ধরেই পুরুলিয়া জেলাতে গ্যাস সিলিন্ডার সরবরাহে সমস্যা দেখা দিয়েছে। বেশি সমস্যা বাণিজ্যিক গ্যাসের সরবরাহ নিয়ে। ডিস্ট্রিবিউটররা ইতিমধ্যে বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডার দেওয়া বন্ধ করেছে। তাঁদের কাছে সিলিন্ডার মজুত না থাকাতেই এই সিদ্ধান্ত বলে জানান ডিস্ট্রিবিউটররা।

তবে জেলার একাধিক জায়গায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের অভাবকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কালোবাজারিও শুরু করেছে বলে অভিযোগ। এবিষয়ে পুরুলিয়া জেলা হোটেল মালিক অ্যাসোসিয়শনের সভাপতি মোহিত লাটা বলেন, অধিকাংশ জনের কাছেই গ্যাস সিলিন্ডার মজুত নেই। যাঁদের কাছে রয়েছে, তাঁরা কেউ অতিরিক্ত টাকা চাইছে। এক হাজার থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত অতিরিক্ত চাওয়া হচ্ছে। গোটা বিষয়টি প্রশাসনকে জানানো হবে। দ্রুত এ বিষয়ে সমাধান প্রয়োজন। যদিও বিষয়টি মানতে চাননি ডিস্ট্রিবিউটররা। সরবরাহ না থাকাতেই সমস্যা হয়েছে বলে জানান তাঁরা। কালোবাজারির অভিযোগ মানতে চাননি।
অন্যদিকে পুরুলিয়া মফস্সল থানার সিঁদরি চাষমোড় এলাকায় ডিস্ট্রিবিউটররা গ্যাস সিলিন্ডার না থাকার কথা মুখে বললেও চড়া দামে চার ও পাঁচ কিলোগ্রামের গ্যাস বিক্রি করছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের একাংশের। এমনকী অনুষ্ঠান বাড়ির জন্য চাইলেও চড়া দামে বিক্রি করা হচ্ছে। কিন্তু সাধারণ মানুষ গ্যাস সিলিন্ডার চাইলেই মজুত নেই বলে জানানো হচ্ছে বলে অভিযোগ।

