ভুয়ো নথি দিয়ে তৈরি হয়েছিল পাসপোর্ট, পান্ডা সহ পাঁচ আফগান নাগরিক গ্রেপ্তার হল শহর কলকাতায়
বেস্ট কলকাতা নিউজ : মধ্যপ্রদেশের জব্বলপুরে বসে আফগানিস্তান সহ বিদেশি নাগরিকদের ভুয়ো নথির বিনিময়ে ভারতীয় পাসপোর্ট তৈরি করে দেওয়ার অভিযোগে অবশেষে চক্রের পান্ডাকে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট থেকে গ্রেপ্তার করল মধ্যপ্রদেশ পুলিশ। অভিযুক্ত জাফর আলি খান ভুয়ো ভারতীয় নথি জোগাড় করে এদেশের পাসপোর্ট তৈরি করেছিল। মধ্যপ্রদেশ থেকে পালিয়ে এসে সে ভবানীপুর এলাকায় থাকতে শুরু করে। জাফরের কাছ থেকে পাসপোর্ট কেনা আরও চার আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয় বেনিয়াপুকুর থেকে।

জানা গেছে বছর দুই আগে মধ্যপ্রদেশের জব্বলপুরে কাজে যায় জাফর। সেখানে পাকাপাকিভাবে থাকতে শুরু করে। জব্বলপুর থেকে জন্মের ভুয়ো শংসাপত্র আধার, ভোটারসহ বিভিন্ন ভারতীয় নথি বানায়। এগুলি জমা করে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি করে। কিছুদিন আগে মধ্যপ্রদেশের পাসপোর্ট অফিস জাফর নামে এক ব্যক্তির পাসপোর্ট নিয়ে সংশয় প্রকাশ করে চিঠি পাঠায়। তার ভিত্তিতে মধ্যপ্রদেশ এটিএসের অফিসাররা তার জমা দেওয়া নথি যাচাই করতে গিয়ে জানতে পারেন সেগুলি ভুয়ো। এই নথি জমা করেই সে আসল ভারতীয় পাসপোর্ট তৈরি করেছে। তার বিরুদ্ধে তদন্ত শুরু হওয়ার পরই সে কলকাতায় পালিয়ে আসে। অবশেষে টাওয়ার লোকেশন দেখে অভিযুক্ত জাফরকে গ্রেপ্তার করা হয়।
তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পারেন , সে প্রথমে নিজের জন্য পাসপোর্ট তৈরি করেছিল। তারপর সে আফগান, বাংলাদেশিসহ বিভিন্ন বিদেশী নাগরিকদের ভারতীয় পাসপোর্ট তৈরির করে দেওয়ার কারবার শুরু করে। প্রথমে সে দালালের মাধ্যমে ভুয়ো নথি তৈরি করত। পরে জব্বলপুরে বসে এগুলি বানাতে শুরু করে। অবৈধভাবে ভারতে থাকা আফগান, বাংলাদেশি নাগরিকরা তার সঙ্গে যোগাযোগ শুরু করে। টাকার বিনিময়ে তাদের নথি বানিয়ে দিত। তারপর সেগুলি জমা করে পাসপোর্ট তৈরি হত তার মাধ্যমেই।

