ভোটের মুখে মহানগরে অস্ত্রের পাহাড় ! ৬ টি আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল বিহারের ১ যুবক
বেস্ট কলকাতা নিউজ : সামনেই বাংলার বিধানসভা ভোট । তার আগেই মহানগরের বুকে অস্ত্র পাচারের ছক ভেস্তে দিল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ । জানা গেছে এদিন কলকাতার কসবা থানা এলাকার রাসবিহারী কানেক্টরে পর্দাফাঁস হয় এক বড়সড় অস্ত্র পাচার চক্রের ৷ এই ঘটনায় অবশেষে এদিন গ্রেফতার করা হয় এক যুবককে ৷ ধৃতের নাম মহম্মদ ইশতিয়াক (৩৮ ) । জানা গেছে তিনি বিহারের গয়ার বাসিন্দা ৷ তাঁর কাছ থেকে উদ্ধার হয় অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল-সহ মোট ছ’টি আগ্নেয়াস্ত্র এবং ১ ১ রাউন্ড তাজা কার্তুজ । এদিকে লালবাজার সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই তাদের গোয়েন্দা বিভাগের কাছে তথ্য ছিল যে বিহার ও ঝাড়খণ্ড থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র পশ্চিমবঙ্গে পাচার করা হচ্ছে । সেই গোপন সূত্রের ভিত্তিতেই বিহার ও কলকাতায় একযোগে জাল বিছিয়েছিল গোয়েন্দা বিভাগের অ্যান্টি রাউডি স্কোয়াড । তদন্তকারীরা জানতে পারেন, গয়া থেকে রাতের বাসে চেপে এক যুবক অস্ত্র নিয়ে কলকাতায় ঢুকছেন । সেই খবর পেয়ে সাদা পোশাকে রাসবিহারী কানেক্টর ও আশপাশের এলাকায় ওত পেতে থাকেন গোয়েন্দারা।


