মধ্যপ্রদেশের জবলপুরে নৌকাডুবির ভয়াবহতার মাঝেও উঠে এল এক মানবিক ছবি, শেষ মুহূর্তেও আঁকড়ে ধরাবার্গি ড্যাম দুর্ঘটনায় মায়ের মমতার নিঃশব্দ সাক্ষ্য
নিজস্ব সংবাদ দাতা : মধ্যপ্রদেশের জবলপুরের বার্গি ড্যামের নৌকাডুবির ভয়াবহতার মাঝেও উঠে এল এক গভীর মানবিক ছবি, যা সংখ্যার হিসেবকে ছাপিয়ে যায়। নিখোঁজদের খোঁজে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধারকারীরা এদিন দেখতে পান—এক মা ও তার ছোট সন্তান, নিথর দেহে এখনও একে অপরকে জড়িয়ে আছে।

উদ্ধারকারী দলের সদস্যদের কথায়, বহু দুর্ঘটনার দৃশ্য দেখলেও এমন মুহূর্ত খুব কমই দেখা যায়। মনে হয়েছে, শেষ পর্যন্ত সন্তানকে বাঁচানোর চেষ্টায় মা তাকে বুকের মধ্যে আগলে রেখেছিলেন। সময় থেমে গেলেও সেই আঁকড়ে ধরা হাত আলগা হয়নি। এমনকি ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এদিন স্তব্ধ হয়ে যান। কেউ কথা বলতে পারেননি, শুধু চোখে জল নিয়ে দাঁড়িয়ে ছিলেন। রেসকিউ টিমের এক সদস্য জানান, “কাজ করতে অভ্যস্ত হলেও আজ নিজেকে সামলানো কঠিন ছিল।”এদিকে এই দৃশ্য যেন মনে করিয়ে দেয়—মায়ের ভালোবাসা কোনো সীমা মানে না। জীবনের শেষ মুহূর্তেও সেই টান অটুট থাকে। এমন কিছু ঘটনা শুধু খবর হয়ে থাকে না, আমাদের ভিতরটা নরম করে দিয়ে যায়, মানবিকতার কথা মনে করিয়ে দেয়।

