রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগে চরম অস্বচ্ছতার অভিযোগ, ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাজ্য পুলিশ কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ সব প্রার্থীর নাম, প্রাপ্ত নম্বর এবং নির্দিষ্ট সংরক্ষিত শ্রেণির (কোটা) উল্লেখ করে ফের বিস্তারিত তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ এর আগে গত ৩ ফেব্রুয়ারি বিচারপতি সৌগত ভট্টাচার্য একই নির্দেশ দিয়েছিলেন ৷ কিন্তু অন্য একটি মামলার পরিপ্রেক্ষিতে বুধবার ফের এই নির্দেশ দিলেন বিচারপতি ৷

৯ লক্ষেরও পরীক্ষার্থী রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৷ কিন্তু শারীরিক মাপজোখ ও দক্ষতার জন্য যে তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে রাকেশ ঘোষ, সুকুমার সরকার-সহ একাধিক প্রার্থীর নাম নেই ৷ এই অবস্থায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাঁরা ৷ ২০২৪ সালের ৫ মার্চ রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য ৷ তার পরিপ্রেক্ষিতে লিখিত পরীক্ষা নেওয়া হয় ৷ এরপর PET , PMT এবং সাক্ষাৎকার নেওয়ার জন্য ৬০ হাজার ১৭৮ জনের তালিকা প্রকাশ করা হয়েছিল ৷ কিন্তু একের পর এক প্রার্থী ওই তালিকায় অস্বচ্ছতার অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন ৷

এদিন রাজ্যের তরফে আইনজীবী বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে জানান, রাজ্য সরকার ইতিমধ্যে একক বেঞ্চের নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে ৷ কারণ চূড়ান্ত তালিকা প্রস্তুত করার আগে নম্বর বা অন্যান্য কিছু তথ্য প্রকাশ করলে পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে তাঁদের সমস্যার সম্মুখীন হতে হবে ৷ আইনজীবী ফিরদৌস শামিম ও গোপা বিশ্বাস বলেন, “যাঁরা সিভিক ভলান্টিয়ার, হোম গার্ড, স্পোর্টস কোটার প্রার্থী, তাঁরা জানতে পারছেন না কে কত নম্বর পেয়েছে ৷ এছাড়া কোন সংরক্ষিত শ্রেণির থেকে সুযোগ পেয়েছেন, সেটাও পরিষ্কার হয়নি ৷ তাই বিচারপতি সৌগত ভট্টাচার্য ফের এই নির্দেশ দিয়েছেন ৷ কে কোন ক্যাটেগরি থেকে উত্তীর্ণ হয়েছে, তাঁদের প্রাপ্ত নম্বর কত, তা উল্লেখ করে বিস্তারিত তালিকা প্রকাশ করতে হবে ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *