১২ মাসে ১৩ বার রিচার্জ করতে হবে কেন? ফের সংসদে ‘জনতার ইস্যু’তে সরব রাঘব চাড্ডা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : সংসদে জনতার ইস্যু তুলে ধরে ইদানিং সোশাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন আম আদমি পার্টির রাজ্যসভা সাংসদ রাঘব চাড্ডা। ইতিমধ্যেই গিগ কর্মীদের অধিকার নিয়ে সরব হয়েছেন তিনি। জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবার টেলিকম সংস্থাগুলির রিচার্জ কেলেঙ্কারি নিয়েও সরব হলেন আপ সাংসদ।

সংসদে রাঘব চাড্ডার বক্তব্য, রিচার্জ শেষ হয়ে গেলে যেভাবে প্রিপেড গ্রাহকদের ইনকামিং পরিষেবা বন্ধ করে দেওয়া হয়, যেভাবে ২৮ দিনের প্ল্যান বানিয়ে ১২ মাসে ১৩ বার রিচার্জ করতে বাধ্য করা হয়, সেগুলি আসলে বড়সড় আর্থিক প্রতারণা। রাঘব চাড্ডার বক্তব্য, “রিচার্জের মেয়াদ শেষ হলেই কেউ আর ফোন করতে পারে না। এমনকি গুরুত্বপূর্ণ ওটিপি বা জরুরি বার্তাও ফোনে পৌঁছায় না। কোনওভাবে তাঁর সঙ্গে যোগাযোগ করা যায় না। জরুরি পরিস্থিতিতে মানুষ কার্যত অসহায় হয়ে পড়েন।” রাঘবের বক্তব্য, “রিচার্জ শেষ হলে আউটগোয়িং কল বন্ধ হওয়াটা যুক্তিযুক্ত। কিন্তু ইনকামিং কল বন্ধ হবে কেন?”

এদিকে টেলিকম সংস্থাগুলির বহু সমালোচিত ২৮ দিনের রিচার্জ প্ল্যান নিয়েও সংসদে সরব হয়েছেন রাঘব। তিনি এও বলেন, “২৮ দিনের রিচার্জ প্ল্যান আসলে একটি ফাঁদ। ২৮ দিন করে ১৩ বার রিচার্জ করলে মোট ৩৬৪ দিন হয়। অর্থাৎ ১২ মাসে ১৩ বার আপনাকে রিচার্জ করতে হচ্ছে। ফলে বছরে একবার অতিরিক্ত রিচার্জ করতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।” রাঘবের সাফ কথা, মোবাইল রিচার্জ ৩০ বা ৩১ দিনের হওয়া উচিত। বস্তুত, দেশের প্রায় সব টেলিকম সংস্থাই মাসিক প্ল্যানের বদলে ২৮ দিন, ৫৪ দিন বা ৮৪ দিনের রিচার্জ প্ল্যান গ্রাহকদের কিনতে একপ্রকার বাধ্য করে। এ নিয়ে অতীতেও বহুবার বিতর্ক হয়েছে। এবার সংসদেও এই গুরুত্বপূর্ণ ইস্যুটি তুললেন রাঘব। এবার সরকার এ নিয়ে কোনও পদক্ষেপ করে কিনা সেটাই দেখার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *