অ্যাডমিট কার্ডে থাকছে কিউআর কোড, এবার থেকে পরীক্ষার সব নির্দেশ মিলবে মোবাইল ফোনেই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এবার পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ডের পাশাপাশি কিউআর কোড স্ক্যান করেই পেয়ে যেতে পারেন সমস্ত গুরুত্বপূর্ণ নির্দেশিকা। খরচ কমানো এবং তথ্য পৌঁছে দেওয়ার প্রক্রিয়াকে আরও সহজ ও আধুনিক করে তুলতেই এই নতুন উদ্যোগ নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছে কলকাতা বিশ্ববিদ্যালয় ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, বর্তমানে স্নাতক স্তরের পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ডের সফট কপি কলেজগুলিকে পাঠানো হয়। এরপর কলেজগুলি সেই অ্যাডমিট কার্ড ছাপিয়ে পরীক্ষার্থীদের হাতে তুলে দেয়। পাশাপাশি, পরীক্ষার নিয়মাবলি ও নির্দেশিকাও আলাদা করে কলেজগুলিকে দেওয়া থাকে। কিন্তু, বাস্তবে দেখা যায়, অধিকাংশ কলেজই সেই নির্দেশিকা ছাপিয়ে পড়ুয়াদের মধ্যে বিতরণ করতে পারে না। এর প্রধান কারণ অতিরিক্ত খরচের চাপ। এই অতিরিক্ত খরচের চাপ এড়াতে বহু ক্ষেত্রে পরীক্ষার আগে পরীক্ষকেরা মৌখিকভাবে পরীক্ষার্থীদের নিয়ম-কানুন বুঝিয়ে দেন। আবার পরীক্ষার খাতাতেও কিছু নির্দেশ লেখা থাকে। কিন্তু পরীক্ষার খাতা খোলার আগে পর্যন্ত লিখিতভাবে সেই নির্দেশিকা হাতে পাওয়ার সুযোগ খুব কমই থাকে পড়ুয়াদের। এই পরিস্থিতিতে অনেক সময় বিভ্রান্তিও তৈরি হয় বলে অভিযোগ। এই সমস্যার সমাধান করতেই নতুন পরিকল্পনা হিসেবে কিউআর কোড ব্যবহারের কথা ভাবছে কলকাতা বিশ্ববিদ্যালয়।

প্রস্তাব অনুযায়ী, অ্যাডমিট কার্ডের এক পাশেই একটি কিউআর কোড ছাপানো থাকবে। পরীক্ষার্থীরা মোবাইল ফোন দিয়ে সেই কোড স্ক্যান করলেই পরীক্ষার যাবতীয় নির্দেশিকা, নিয়ম এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজেই জানতে পারবেন। এতে আলাদা করে কিছু ছাপানোর প্রয়োজন হবে না, ফলে কলেজগুলির অতিরিক্ত খরচও কমবে।বিশ্ববিদ্যালয়ের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে অ্যাডমিট কার্ডের একটি দিকেই তথ্য ছাপানো থাকে। সেই জায়গাতেই কিউআর কোড যুক্ত করা সম্ভব, তাই নতুন করে কোনও আলাদা ব্যবস্থার প্রয়োজন হবে না। প্রযুক্তির এই ব্যবহার পরীক্ষার্থীদের জন্য যেমন সুবিধাজনক হবে, তেমনই প্রশাসনিক কাজও অনেকটা সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *