ক্রেতা সেজে সোনার দোকানে আংটি চুরি, ২ জনকে গ্রেপ্তার করলো এয়ারপোর্ট থানার পুলিশ
বেস্ট কলকাতা নিউজ : দোকানে ক্রেতা সেজে এসে সোনার আংটি চুরির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া আংটি। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম মৃণালকুমার দাস ও সৌভিক বিশ্বাস। দু’জনেরই বাড়িই নিমতা থানা এলাকায়। সৌভিকের আসল বাড়ি বনগাঁ। বর্তমানে সে নিমতায় থাকে। মৃণালের বয়স ২৫ এবং সৌভিকের বয়স ২৬।
চুরির ঘটনাটি ঘটেছিল গত ২৬ জানুয়ারি। এয়ারপোর্ট থানার অন্তর্গত গঙ্গানগরের কাটাখাল বাজারে একটি সোনার দোকানে ঢোকে ওই দু’জন। তারা ক্রেতা সেজে ভিতরে প্রবেশ করে। দোকানদারকে তারা জানায়, ভালো সোনার আংটি দেখান। দোকানদার একটি বাক্স বের করেন। সমস্ত আংটি দেখার পর তারা আরও আংটি দেখে। কিন্তু, পছন্দ হচ্ছে না বলে ঘুরে চলে যায়। দোকানদারও বাক্স গুছিয়ে তুলে রাখেন। পরে অন্য ক্রেতা আসেন। বাক্স বের করে তিনি হঠাৎ লক্ষ করেন, একটি সোনার আংটি কম রয়েছে! তখন বুঝতে পারেন, ২৬ জানুয়ারি যে দু’জন ক্রেতা এসেছিল, তারাই হাত সাফাই করে নিয়ে গিয়েছে।

গত ৬ ফেব্রুয়ারি দোকানের মালিক এয়ারপোর্ট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করে। একাধিক সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়। তারপরই দুই অভিযুক্তকে চিহ্নিত করে বুধবার রাতে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা জেরায় চুরির কথা স্বীকার করেছে। তাদের কাছে আংটিটি ছিল। সেটি উদ্ধার করা হয়েছে। দোকানদারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

