নজরে এলো একাধিক ‘প্রভাবশালী’ বিজ্ঞাপন সংস্থা, ৩০টি অবৈধ কাঠামোয় নোটিস ঝোলাল কলকাতা পুরসভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বাঘাযতীনে একটি মন্দিরের গায়ে তৈরি হয়েছে বিজ্ঞাপনি কাঠামো। কে অনুমোদন দিল, কেউ জানে না! সেটিকে বেআইনি হোর্ডিং হিসাবে চিহ্নিত করে এবার নোটিস দিলো কলকাতা পুরসভা। এদিকে গড়িয়াতে একটি মাঠেও তৈরি হয়েছে বিজ্ঞাপন দেওয়ার পরিকাঠামো। এমনকি জানা গেছে সেটিও সম্পূর্ণ রূপে বেআইনি। অবশেষে বিজ্ঞাপনের ওই কাঠামোতেই নোটিস ঝুলিয়ে দিয়েছে খোদ পুরসভার বিজ্ঞাপন বিভাগ। এমন একটি-দু’টি নয়, আপাতত শহরে এমন ৩০টি বেআইনি বিজ্ঞাপন হোর্ডিং পুর কর্তৃপক্ষের নজরে এসেছে। ইতিমধ্যে ১৫টি অবৈধ কাঠামোতে নোটিস ঝোলানো হয়েছে।

আবার পুরসভা সূত্রে খবর, এই বেআইনি বিজ্ঞাপনগুলির বেশিরভাগই ‘প্রভাবশালীদের ’ একাংশের। সব মিলিয়ে পাঁচ থেকে ছ’টি বিজ্ঞাপনদাতা সংস্থা রয়েছে, যারা এই অবৈধ বিজ্ঞাপনি স্ট্রাকচার বানিয়ে প্রচুর টাকা কামিয়েছে। এতদিন পুরসভার কর ফাঁকি দিয়েছে। এসব সংস্থার পিছনে এমনকি রাজনৈতিক মদত রয়েছে। সেই রাজনীতির ‘দাদা’দের প্রশ্রয়েই শহরজুড়ে বেআইনি বিজ্ঞাপনি কাঠামোর রমরমা হচ্ছিল। রাজ্যে পালাবদলের পর এবার সেগুলি ভাঙতে তোড়জোড় শুরু হবে বলে জানা গেছে পুরসভা সূত্রে।

মূলত বিজ্ঞাপন বিভাগের আধিকারিকরা জানাচ্ছেন, বেসরকারি বিজ্ঞাপন বা তার কাঠামো সাধারণত ব্যক্তিগত মালিকানাধীন জমি বা বাড়িতে থাকে। যে কাঠামোগুলি ইতিমধ্যে পুরসভা অবৈধ বলে চিহ্নিত করেছে, তার বেশিরভাগই সরকারি জমিতে মাথা তুলে রয়েছে। কোথাও ফুটপাত দখল করে, কোথাও আবার ফাঁকা জমিতে কোনো নিয়ম না মেনে তৈরি করা হয়েছে। আবার এমন অনেক বিজ্ঞাপনি কাঠামো রয়েছে, যেগুলি অনুমোদন নিয়ে বানানো হলেও চুক্তির বাইরে গিয়ে আয়তন বাড়ানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *