পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহারের প্রশ্নে স্কুল পরিদর্শককে ব্যাপক মারধর, সাসপেন্ড হল প্রধান শিক্ষক-সহ আট অভিযুক্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : মাধ্যমিক পরীক্ষা চলাকালীন হাইস্কুলে মোবাইল বেজে উঠেছিল ৷ পরীক্ষাকেন্দ্রের ভিতরে মোবাইল কীভাবে এল প্রশ্ন করতেই স্কুল পরিদর্শককে মারধর করা হয় ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের জামালপুর এলাকার আঝাপুর স্কুলের এই ঘটনায় প্রধান শিক্ষক ও গ্রুপ ডি কর্মী-সহ সাত শিক্ষককে সাসপেন্ড করল মধ্যশিক্ষা পর্ষদ । এই ঘটনার পর কীভাবে ওই স্কুলে মাধ্যমিকের বাকি দিনগুলির পরীক্ষা নেওয়া হবে তাও খতিয়ে দেখছে পর্ষদ ।

মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী, মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের সেন্টার সচিব, পরীক্ষা কেন্দ্রের যিনি ভারপ্রাপ্ত আধিকারিক, ভেন্যু সুপারভাইজার, অতিরিক্ত ভেন্যু সুপারভাইজার ছাড়া আর কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না । অথচ সোমবার ইংরেজি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রে একজনের মোবাইল ফোন বেজে ওঠে । তখন সেখানে থাকা পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কবিরাজ প্রশ্ন তোলেন, পরীক্ষা কেন্দ্রের ভিতরে মোবাইল এল কীভাবে ? অভিযোগ সেই সময় সাত-আটজন শিক্ষক তাঁর উপরে ঝাঁপিয়ে পড়ে মারধর করেন । আহত হয়ে ওই স্কুল পরিদর্শক অনাময় হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনার পরেই মাধ্যমিক পরীক্ষার জেলা মনিটরিং কমিটি ওই স্কুলে তদন্ত করতে যায় । বাজেয়াপ্ত করা হয় মোবাইল ফোনটি ৷ মধ্যশিক্ষা পর্ষদের নিয়োগ করা জেলার আহ্বায়ক অমিত কুমার ঘোষ বলেন, “পরীক্ষা কেন্দ্রের ভেন্যু ও ইনচার্জের রিপোর্ট পর্ষদে জমা দেওয়া হয়েছে ।” জেলা স্কুল পরিদর্শক দেবব্রত পালের কথায়, “স্কুলের প্রধান শিক্ষক, একজন ক্লার্ক-সহ আটজনকে সাসপেন্ড করা হয়েছে ।” এদিকে এই ঘটনার জেরে রীতিমতো লজ্জিত স্কুলের প্রাক্তন ছাত্র থেকে গ্রামবাসীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *