ভোটের আগে স্কুটি,বাইকে সোনা ও টাকা পাচারের চেষ্টা শহরে ! পুলিশের বিশেষ নজরে ছোট গাড়ি, থেকে ক্যাব
বেস্ট কলকাতা নিউজ : ভোটের আগে পদ্ধতি পাল্টে স্কুটি-বাইকেও টাকা পাচার। হাওয়ালার টাকার সঙ্গে সঙ্গে শহরে পাচার হচ্ছে সোনাও। সেদিকেও নজর রয়েছে পুলিশ ও নির্বাচন কমিশনের বিশেষ টিমের। তবে পুলিশের মতে, বেশিরভাগ ক্ষেত্রে ছোট গাড়ি করেই টাকা পাচার হচ্ছে। এমনকী, বাদ পড়ছে না ক্যাব বা ট্যাক্সিও।

পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে শহরে অন্তত দু’টি ক্ষেত্রে বাইক ও স্কুটি করে পাচারের আগেই টাকা এবং সোনা উদ্ধার হয়েছে। আরো জানা গেছে সম্প্রতি প্রগতি ময়দান এলাকায় নাকা চেকিং চলাকালীন নির্বাচন কমিশনের ফ্লাইং স্কোয়াড একটি স্কুটি আটক করে। স্কুটি পরীক্ষা করে পুলিশ জানতে পারে যে, এতে করে পাচার হচ্ছিল লক্ষাধিক টাকা। ওই টাকা অবশেষে বাজেয়াপ্ত করা হয়। এমনকি উত্তর কলকাতার আমহার্স্ট স্ট্রিট এলাকায় নাকা চেকিং চলার সময়ও পুলিশ ও নির্বাচন কমিশনের বিশেষ টিম একটি বাইককে আটক করে। বাইকের ডিকির ভিতর তল্লাশি চালাতেই বেরিয়ে আসে একটি ব্যাগ। তার ভিতর থেকেই উদ্ধার হয় সোনার গয়না ও বিস্কুট। সেগুলি পাচার হওয়ার আগেই পুলিশ বাজেয়াপ্ত করে। এরপর থেকেই গাড়ির সঙ্গে সঙ্গে বাইক ও স্কুটির দিকেও বিশেষ নজর দেওয়া শুরু করে নাকা চেকিং টিম। ইতিমধ্যে পুলিশ ও নির্বাচন কমিশনের বিশেষ টিমের হাতে প্রায় সোয়া তিন কোটি টাকাও উদ্ধার হয়েছে।
এদিকে গোয়েন্দাদের মতে, ভিনরাজ্য থেকেও টাকা এসে পৌঁছচ্ছে রাজ্যের নানা প্রান্ত ও কলকাতায়। এর মধ্যে কিছু আসছে হাওয়ালার মাধ্যমে। আবার কিছু নিয়ে আসা হচ্ছে সড়কপথেও। গত কয়েকবার ভোটের আগে একসঙ্গে বিপুল টাকা পাচার হওয়ার সময় পুলিশ উদ্ধার করেছিল। কিন্তু এবার গোয়েন্দাদের অভিমত, একসঙ্গে অনেক টাকার বদলে কম পরিমাণ করে টাকা পাচার করার চেষ্টা হচ্ছে, যাতে তা সহজে পুলিশের নজরে না পড়ে। সাধারণভাবে এক লাখ থেকে পাঁচ লাখ নগদ টাকা পাচারের চেষ্টা করছে পাচারকারীরা। পাচার হওয়া টাকার একটি অংশ ধরাও পড়ছে।

