অভিযোগের প্রমাণ নেই তাদের বিরুদ্ধে , আবগারি দুর্নীতি মামলায় অবশেষে মুক্ত হলেন কেজরিওয়াল-সিসোদিয়া

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আবগারি দুর্নীতির যাবতীয় মামলা থেকে অব্যাহতি পেলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া । শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্ট আবগারি দুর্নীতির মামলা থেকে কেজরিওয়াল এবং সিসোদিয়াকে মুক্তি দিয়েছে ৷ বিশেষ বিচারক জিতেন্দ্র সিং দু’জনকেই এই মামলা থেকে মুক্তি দিয়ে জানিয়েছেন, অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ পাশাপাশি কেজরিওয়াল বা সিসোদিয়ার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের কোনও প্রমাণও পাওয়া যায়নি বলে আদালত জানিয়েছে ।

এদিকে আদালতের আরও পর্যবেক্ষণ, এদের বিরুদ্ধে কোনও ষড়যন্ত্রমূলক অভিযোগ প্রমাণ করা যায়নি । যে অভিযোগগুলি করা হয়েছিল, তা বিচারের ক্ষেত্রে অভিযোগগুলির সত্যতা প্রমাণ করতে ব্যর্থ ৷ মণীশ সিসোদিয়ার পক্ষ থেকেও কোনও অপরাধমূলক উদ্দেশ্য পাওয়া যায়নি বলে সাফ জানিয়েছে আদালত । আরও জানানো হয়েছে, যে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করা হয়েছিল তা এঁদের বিরুদ্ধে টিকতে পারে না । আদালতের এই নির্দেশের পরই উচ্ছ্বসিত অরবিন্দ কেজরিওয়ালের স্ত্রী সুনীতা কেজরিওয়াল পোস্ট করেছেন, “এই পৃথিবীতে কেউ যতই শক্তিশালী হোক না কেন, কেউ শিবশক্তির উপরে উঠতে পারে না । সত্য সর্বদা জয়ী হয় ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *