উল্টে গেল গ্যাস ভর্তি ট্যাঙ্কার, ঘন্টার পর ঘন্টা অচল হয়ে পড়লো মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় ৩৩ ঘন্টার যানজট। ৯৪.৫ কিলোমিটার দীর্ঘ মুম্বই–পুনে এক্সপ্রেসওয়ে বুধবার গভীর রাত পর্যন্ত কার্যত অচল হয়ে পড়ল। কিন্তু কেন এই দুর্ভোগ? মুম্বই–পুনে এক্সপ্রেসওয়ের আদোশি টানেলের কাছে প্রোপিলিন গ্যাসবোঝাই একটি ট্যাঙ্কার উল্টে যাওয়ার জেরেই প্রায় ৩৩ ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। জল, খাবার ও শৌচাগারের মতো ন্যূনতম সুবিধা ছাড়াই ঘন্টার পর ঘন্টা বহু মানুষকে গাড়ির মধ্যে আটকে থাকতে হয়।

প্রশাসন সূত্রে খবর, কোচি থেকে সুরাতগামী প্রায় ২১ টন দাহ্য প্রোপিলিন গ্যাস ভর্তি ট্যাঙ্কারটি গত মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ মুম্বইগামী পুনে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। জানা গিয়েছে, দুর্ঘটনার পরই ট্যাঙ্কারটি থেকে গ্যাস লিক করতে থাকে। বড়সড় বিপদের আশঙ্কাও তৈরি হয়। সঙ্গে সঙ্গে মুম্বইগামী লেন সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং ভারত পেট্রোলিয়ামের বিশেষ দল। কিন্তু গ্যাসের চাপ অত্যন্ত বেশি থাকায় এবং ট্যাঙ্কারের ভালভ ক্ষতিগ্রস্ত হওয়ায় উদ্ধারকাজে বাধার সৃষ্টি হয়। প্রায় ২১ ঘণ্টা ধরে চলে এই কাজ। অগ্নিকাণ্ড এড়াতে দমকল বাহিনী টানা জল ছিটিয়ে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে। এই দুর্ঘটনার প্রভাব পড়ে এক্সপ্রেসওয়ের দুই দিকেই। পুনেমুখী যানবাহন খালাপুর টোল প্লাজা পর্যন্ত আটকে পড়ে। অন্য দিকে মুম্বইমুখী লেনে প্রায় ১০ থেকে ১২ কিলোমিটার দীর্ঘ যানজট তৈরি হয়। দীর্ঘ সময় ধরে রাস্তায় আটকে পড়ে যাত্রীদের ক্ষোভ ও আতঙ্ক দুটোই ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *