এবার লক্ষ্য কুক স্ট্রেইট জয়, সাঁতারু তাহরিনাকে নিয়ে আশায় বুক বাঁধছে উলুবেড়িয়া
কথায় আছে ইচ্ছে থাকলে উপায় হয়। অদম্য ইচ্ছাশক্তির জোরে সাঁতার কেটে একের পর এক চ্যানেল জয় করে ইতিমধ্যেই রেকর্ড গড়েছেন উলুবেড়িয়ার তাহরিনা নাসরিন। এমনকি ইংলিশ চ্যানেল, জিব্রাল্টার, বাংলা চ্যানেল পার করেছেন তাহরিনা নাসরিন।। এছাড়াও সম্প্রতি মুন্বইয়ের ধরমতার গেটওয়ে থেকে মুম্বই গেটওয়ে পর্যন্ত সাঁতরে ৩৬ কিলোমিটার পথ পার করেছে উলুবেড়িয়া নিমদিঘির বাসিন্দা তাহরিনা।

এবার তাঁর লক্ষ্য, কুক স্ট্রেইট বা মোয়ানা-ও-রাউকাওয়া। দীর্ঘ ২২ কিলোমিটার চ্যানেলটি একদিকে নিউজিল্যান্ডের উত্তর ও দক্ষিণ দ্বীপপুঞ্জকে আলাদা করে অন্যদিকে তাসমান সাগর ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। এ বছর তাহরিনার কুক স্ট্রেইট যাওয়ার কথা ছিল। তবে চ্যানেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তারিখ না পাওয়ায় আবহাওয়া ঠিকঠাক থাকলে এবং স্লট পেলে আগামী বছর এপ্রিল মাসের ৪ থেকে ৭ তারিখের মধ্যে কুক স্ট্রেইট চ্যানেলের জলে নামার কথা তাঁর। আয়কর বিভাগের কর্মী তাহরিনা আরো জানান, এটি একটি আইকনিক সাঁতারের জায়গা। সেভেন ওসানের মধ্যে সবথেকে বিপজ্জনক চ্যানেল এটি। নভেম্বর থেকে এপ্রিল এই চ্যানেল ক্রস করার জন্য খোলা হয়।
তাহরিনা এও বলেন, আমার দীর্ঘদিনের স্বপ্ন। কিন্তু আর্থিক প্রতিবন্ধকতা সহ নানা কারণে হয়ে উঠছিল না। সম্প্রতি উলুবেড়িয়ার ফ্রেন্ডস এন্টারপ্রাইজ নামে একটি সংস্থা সেভেন ওসান এবং থ্রি ওসানের সমস্ত খরচ বহন করার জন্য এগিয়ে এসেছিল। কুক স্ট্রেইট চ্যানেলের জন্য আমি স্লট বুক করেছি। বাকি টাকা পেলে নর্থ চ্যানেলর স্লটও বুক করব। ইতিমধ্যে প্র্যাকটিস শুরু করে দিয়েছি। আগামী বছর এই দু’টি চ্যানেল পার করে দেশের মুখ উজ্জ্বল করাই আমার লক্ষ্য।

