দূষণ প্রতিহত করতে পড়ুয়ারাই এবার হাতিয়ার, শহরের ৫ হাজার স্কুলকে যুক্ত করার ভাবনা কলকাতা কর্পোরেশনের
বেস্ট কলকাতা নিউজ : শহরের বাতাসে বিষ মেশা আটকাবে ছাত্রছাত্রীরা। দূষণ মুক্ত বাতাস উপহার দেবে শহরবাসীকে। সেই উদ্দেশ্যে এক্কেবারে তৃণমূল স্তর থেকে সৈনিক তৈরির পদক্ষেপ করল কলকাতা কর্পোরেশনের পরিবেশ বিভাগ। শহরের পাঁচ হাজার স্কুলের ছাত্রছাত্রীদের বায়ু দূষণ ও প্রতিরোধ সম্পর্কে সচেতন করবে কর্তৃপক্ষ। বুধবার যার শুরুটা হল চেতলা বয়েজ স্কুল থেকে। উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম ও মেয়র পারিষদ সদস্য স্বপন সমাদ্দার। ছিলেন বিভাগের ডিজি পার্থ সামন্ত ও অন্যান্য আধিকারিকরা। গোটা বিশ্বের অন্য শহরগুলো মতোই কলকাতাও লড়ছে দূষিত বাতাসের সঙ্গে। নিরন্তর লড়াই চলছে বাতাসের গুণমান ভালো রাখার। তবে নাগরিকদের কর্মকাণ্ডের জেরেই খারাপ হচ্ছে গুণমান। তাই শুধু প্রশাসনিক পদক্ষেপ করেই নয় এবার স্কুল পড়ুয়াদের সচেতন করার মধ্য দিয়ে এই দূষণ নিয়ন্ত্রণ করতে চাইছে কর্তৃপক্ষ।

ন্যাশনাল ক্লিন এয়ার প্রোগ্রামের মাধ্যমে নানা পদক্ষেপ করে বাতাসে গ্রিন হাউজে গ্যাস কিংবা বিভিন্ন ধূলিকণার মান নিয়ন্ত্রণ করা হচ্ছে। কিছু কার্বন কণা হোক আর ধুলো, ধোঁয়া অধিকাংশ ক্ষেত্রেই সাধারণের মানুষের কর্মকাণ্ডে ফলেই মিশছে।এদিন ছাত্রছাত্রীদের প্রজেক্টরের মাধ্যমে দূষণের কারণ ও প্রতিরোধ পদক্ষেপ সম্পর্কে অবগত করেন পরিবেশবিদরা। তাঁরা বোঝান ছোট ছোট পদক্ষেপ কীভাবে বড় বিপদ আটকাতে ভবিষ্যতে সক্ষম হবে। ছাত্রছাত্রীরা কী কী করবেন, যার ফলে বায়ুদূষণ হবে কম। শুধু সচেতনতার পাঠ নয়। ক্লাস শেষে এই সম্পর্কিত কুইজ কম্পিটিশনও হয়। মিলেছে পুরস্কারও।

