নতুন সরকার গঠন হতে না হতেই ফের উত্তপ্ত মণিপুর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বন্ধ ডাকা হল চূড়াচাঁদপুর জেলায়
বেস্ট কলকাতা নিউজ : নতুন সরকার গঠনের পরই ফের উত্তপ্ত মণিপুর। চূড়াচাঁদপুর জেলায় বৃহস্পতিবার রাতে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ হয় নিরাপত্তা বাহিনীর। অন্তত দু’জন আহত হয়েছেন এই ঘটনায়। আটক করা হয়েছে পাঁচজনকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গভীর রাতে কাঁদানে গ্যাস ছোড়ে নিরাপত্তা বাহিনী। তার জেরে শুক্রবার গোটা জেলায় কুকি-জো প্রভাবিত এলাকাগুলিতে বন্ধ ডাকা হয়েছিল। তার জেরে স্তব্ধ হয়ে যায় যান চলাচল। দোকানপাট, দৈনন্দিন কার্যকলাপ— সবই বন্ধ রাখা হয়েছিল।

নতুন গঠিত সরকারের সঙ্গে যুক্ত কুকি-জো বিধায়কদের সামাজিকভাবে বয়কট করার ঘোষণা করেছে ওই জনগোষ্ঠীরই বিভিন্ন সংগঠন। তাঁদের অভিযোগ, এই বিধায়করা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এর প্রতিবাদেই বৃহস্পতিবার পাহাড়ি এলাকাজুড়ে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ ডাকা হয়েছিল। জানা গিয়েছে, রাজ্যপাল অশোক কুমার ভাল্লার ভাষণের পর যখন মণিপুর বিধানসভার সপ্তম অধিবেশন শুরু হওয়ার কথা, তখনই ওই বন্ধ কার্যকর করা হয়। প্রথমে তুইবং ফরেস্ট গেট এলাকায় নিরাপত্তা বাহিনীর দিকে পাথর ছোড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে বাহিনী কিছুটা পিছিয়ে যায়। পরে ফের বিক্ষোভকারীরা জড়ো হয়ে ভোর তিনটে পর্যন্ত হামলা চালায়। শুক্রবার রাত পর্যন্ত এলাকায় উত্তেজনা রয়েছে বলে খবর।

