বিমানবন্দরে ‘উড়ান যাত্রী ক্যাফে’ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিমানবন্দরে যাত্রীদের সস্তায় খাবার দেওয়ার উদ্যোগে তৈরি ‘উড়ান যাত্রী ক্যাফে’ নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ রাজ্যের উচ্চ আদালতেরই আইনজীবী আকাশ শর্মা মামলাটি দায়ের করেছেন ৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থ সারথি সেনের ডিভিশন বেঞ্চে মামলাটি দায়ের হয়েছে। মার্চ মাসের প্রথম সপ্তাহে মূলত শুনানি হতে পারে মামলাটির ৷ এদিকে মামলাকারী আকাশ শর্মার অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্প ‘উড়ান যাত্রী ক্যাফে’ বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীর বাইরে তৈরি করা হয়েছে ৷ এর ফলে একবার সিআইএসএফ নিরাপত্তা যাচাইয়ের পর উড়ান ধরার হোল্ড এরিয়াতে ঢুকে গেলে আর ওই ক্যাফে ব্যবহার করতে পারেন না যাত্রীরা ৷ ফলে সেই চড়ামূল্যের খাবারই কিনে খেতে হয় তাঁদের ৷

আইনজীবীর দাবি, উড়ানে ওঠার আগে যাত্রীরা বেশিরভাগ সময় কাটান ‘হোল্ড এরিয়াতে’ যেখানে শুধুই বেসরকারি ব্যয়বহুল সংস্থাদের দোকান বা বিপণন কেন্দ্র রয়েছে ৷ সেখানে চড়া দামে খাবার কিনতে হয় যাত্রীদের ৷ এই মামলায় আইনজীবীর আর্জি, এই বিষয়ে বিবেচনা করে অপেক্ষারত যাত্রীদের সুবিধার্থে নিরাপত্তা যাচাইয়ের পর হোল্ড এরিয়াতেও এই সস্তার খাবারের প্রকল্প চালু করার নির্দেশ দিক আদালত ৷ উল্লেখ্য, উড়ান যাত্রী ক্যাফে প্রকল্পটি সাধারণ যাত্রীদের স্বার্থে কেন্দ্রীয় সরকারের উদ্যোগে দেশের একাধিক বিমানবন্দরের ভিতরে তৈরি করা হয়েছে ৷ সেখানে সস্তায় ভর্তুকি মূল্যে পানীয় জল ১০ টাকা, ২০ টাকায় শিঙাড়া, ১০ টাকার চা-সহ অন্যান্য খাবার পাওয়া যায় ৷ এদিকে মামলাকারীর আরো বক্তব্য, কেন্দ্রীয় সরকারি এই প্রকল্প কলকাতা সহ দেশের বিভিন্ন রাজ্যের বিমানবন্দরে গড়ে উঠেছে ৷ কিন্তু দেখা যাচ্ছে বিমানবন্দরের ভিতরে ‘চেক-ইন’-এর আগে হয়তো একটি মাত্র আউটলেট খোলা হয়েছে ৷ ফলে একটা নিরাপত্তা বেষ্টনীর ভিতর ঢুকে গেলে এই দোকান থেকে আর কিছু কেনা সম্ভব হয় না ৷

এদিকে ভিতরে চড়ামূল্যের দোকান রয়েছে ৷ মামলাকারী জানিয়েছেন, কলকাতা বিমানবন্দরে এই ধরনের একটা আউটলেট থেকে প্রায় ১০ হাজার লোককে পরিষেবা দিতে পেরেছেন দোকানদার ৷ যাত্রীদের প্রতিক্রিয়া থেকে দেখা যাচ্ছে, এই ধরনের স্টলের চাহিদা থাকার সত্ত্বেও তা করা হচ্ছে না এবং প্রতিনিয়ত উড়ানের যাত্রী সংখ্যা বাড়ছে ৷ ২১ জানুয়ারি বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে এই মর্মে চিঠি দিয়েও জানিয়েছেন বলে মামলায় দাবি করেছেন তিনি ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *