২০০বছরের পুরনো হেরিটেজ ভবনে চালু হল সুপার স্পেশালিটি হাসপাতাল! গৃহীত হবে স্বাস্থ্য সাথী কার্ড

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রায় ২০০ বছরের পুরনো গ্রেড 1 তালিকাভুক্ত হেরিটেজ ভবনে চালু হল পশ্চিমবঙ্গের প্রথম বেসরকারি সুপার স্পেশালিটি হাসপাতাল। গতকাল বৃহস্পতিবার কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের হাত ধরে আনুষ্ঠানিক ভাবে তা চালু করা হয়। পূর্বে এই হাসপাতাল লোহিয়া মাতৃ সেবা সদন নামে পরিচিত ছিল। এদিনের উদ্বোধনের মাধ্যমে নতুন প্রাণ সঞ্চার করেছে বলা চলে। জানা গেছে সংরক্ষিত ঐতিহ্যবাহী স্থাপত্য এবং অত্যাধুনিক চিকিৎসা পরিকাঠামোর মধ্যে ২৫০ শয্যার সুপার স্পেশালিটি সুবিধা রাখা হয়েছে। হাসপাতাল উদ্বোধনে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মন্ত্রী শশী পাঁজা, চন্দ্রিমা ভট্টাচার্য, সুজিত বোস, সাংসদ দোলা সেন, বিধায়ক বিবেক গুপ্তা ছাড়াও স্থানীয় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা৷

কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এদিন হাসপাতাল ঘুরে দেখেন। তিনি বলেন, “এই হাসপাতাল তৈরির আগে কর্তৃপক্ষ অনুমতি নিতে গিয়েছিল৷ তাদের আমি দু’টো প্রস্তাব রেখেছিলাম। এক, হেরিটেজ ভবনে সুরক্ষা বজায় রাখতে হবে। দুই, স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা পরিষেবার ব্যবস্থা রাখতে হবে। কর্তৃপক্ষ দুটোই মেনে নিয়েছে। হাতের নাগালের মধ্যে স্বাস্থ্য পরিষেবা পাওয়া উচিত। বিশেষ করে শহরের মানুষের। তাই আমরা স্বাস্থ্য ক্ষেত্রে যারা এগিয়ে আসে, তাদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেব।’’ তিনি আরও বলেন, ‘‘ঠিক তেমনই অন্যান্য শিল্পে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হয় স্বাস্থ্য ক্ষেত্রেও অনেক কর্মসংস্থান। বরং তুলনামূলক স্থানীয় যুবক-যুবতীরা স্বাস্থ্য ক্ষেত্রে বেশি কাজে সুযোগ পান। এই হেরিটেজ হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসা পরিষেবা পাওয়া যাবে।”

এদিকে রাজ্যের অর্থমন্ত্রী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, “বেসরকারি সংস্থা সরকারি সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে বলেই বাংলার এত উন্নয়ন সম্ভব হচ্ছে। বাংলার পথপ্রদর্শক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে বাংলা স্বাস্থ্য, শিল্প সব দিক থেকে এগিয়ে চলেছে। তাছাড়া আজকের এই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের ভিত ভুলে যায়নি। এই কারণেই হেরিটেজকে বজায় রেখে সুন্দর করে তারা আধুনিক প্রযুক্তির চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করেছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *