“৮ কিলোমিটার যেতে ১ ঘণ্টা কেন?” অভিনেতা রাহুলের মৃত্যুর ঘটনায় দায়ের হল FIR, মৃত্যুর কারণ নিয়ে বাড়ছে রহস্য
নিজস্ব সংবাদ দাতা : তালসারিতে শুটিং চলাকালীন অভিনেতা রাহুলের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ক্রমেই ঘনীভূত হচ্ছে রহস্য। ঘটনার পর থেকেই একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রযোজনা সংস্থার বক্তব্য, উদ্ধার প্রক্রিয়া এবং ময়নাতদন্তের পর্যবেক্ষণে একাধিক অসঙ্গতি সামনে আসায় এবার বিষয়টি ঘিরে দায়ের হয়েছে FIR। ইতিমধ্যেই কলকাতার একটি থানায় ‘জিরো এফআইআর’ দায়ের হয়েছে। অভিযোগে উঠে এসেছে গাফিলতি, ভুল তথ্য দেওয়া এবং পরিকল্পিতভাবে সত্য গোপনের মতো গুরুতর বিষয়। যেহেতু ঘটনাস্থল অন্য রাজ্যে, তাই তদন্তের পরবর্তী ধাপ সেই রাজ্যের পুলিশের হাতেই যাওয়ার কথা। ঘটনার পর সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে এসেছে, তা হল, মাত্র ৮ কিলোমিটার পথ যেতে প্রায় ১ ঘণ্টা সময় লাগল কেন?

অভিযোগ উঠছে, অসুস্থ হয়ে পড়ার পর তাঁকে দ্রুত চিকিৎসার আওতায় আনা হয়েছিল কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কাছাকাছি কোথায় নিয়ে যাওয়া হয়েছিল, আদৌ যথাযথ চিকিৎসার চেষ্টা হয়েছিল কি না, সেই নিয়েও উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের তথ্য সামনে আসার পর সেই সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। প্রাথমিকভাবে যা জানা যাচ্ছে, তাতে ঘটনাস্থলে উদ্ধার এবং হাসপাতালে পৌঁছে দেওয়ার সময়ের মধ্যে বড় ফাঁক থেকেই যাচ্ছে। আর সেই সময়ের ব্যবধানই এখন তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হয়ে উঠেছে।
ঘটনার পর টলিউডের অন্দরে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে বাড়ছে ক্ষোভও। একাধিক শিল্পী, কলাকুশলী ও টেকনিশিয়ান এই মৃত্যুর ঘটনার পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন। ইতিমধ্যেই প্রতিবাদ মিছিলও হয়েছে। একটাই দাবি, কীভাবে মৃত্যু হল, কেন সময়মতো চিকিৎসা মিলল না, আর কোথায় কোথায় গাফিলতি হয়েছে, সবটাই প্রকাশ্যে আসতে হবে।
তবে এই ঘটনায় এখন স্পষ্ট, শুধু একটি মৃত্যুর তদন্ত নয়, বরং পুরো শুটিং ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং জরুরি চিকিৎসা পরিকাঠামো নিয়েও বড় প্রশ্ন উঠে গেছে। একজন অভিনেতার মৃত্যু যদি এতগুলো অসঙ্গতির জন্ম দেয়, তাহলে তার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হওয়াই এখন সময়ের দাবি।এখন দেখার, তদন্তে ঠিক কী উঠে আসে। দুর্ঘটনা, গাফিলতি নাকি আরও বড় কোনও সত্য, সেই উত্তরই খুঁজছে সবাই।

