ক্যান্টিনের খাবারের দাবিতে মধ্যরাতে থালা বাজিয়ে তুমুল বিক্ষোভ ছাত্রীদের, ব্যাপক উত্তাল বিশ্বভারতীর ‘হেরিটেজ’ ক্যাম্পাস

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ক্যান্টিনে খাবারের দাবিতে মধ্যরাতে থালা বাজিয়ে বিশ্বভারতী ক্যাম্পাসে তুমুল বিক্ষোভ চললো আবাসিক ছাত্রীদের ৷ তাদের অভিযোগ, কুপন থাকা সত্ত্বেও ২২ ডিসেম্বর পর্যন্তই খাবার দেওয়া হবে বলেই জানিয়েছে ক্যান্টিন কর্তৃপক্ষ । পড়ুয়াদের আরো দাবি, পরীক্ষা-সহ নানান কর্মসূচি রয়েছে, তাই পুরো ডিসেম্বর মাসজুড়ে খাবার দেওয়া হোক ৷ মধ্যরাতে বিক্ষোভের জেরে এদিন উত্তাল হয়ে ওঠে ‘হেরিটেজ’ ক্যাম্পাস ৷ পরে নিরাপত্তারক্ষীরা এসে ছাত্রীদের বোঝানোর চেষ্টা করেন ৷ এই প্রসঙ্গে যদিও বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতীগ ঘোষ বলেন, “ছাত্রীদের অভিযোগের বিষয়টি ছাত্র পরিচালক দেখছেন ৷ সমাধান বের হবে ।”

বিশ্বভারতীর আবাসিক পড়ুয়ারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের খাবার খান ৷ তার জন্য প্রতি মাসে টাকা দিয়ে কুপন সংগ্রহ করে রাখতে হয় । সেই মতো ডিসেম্বর মাসের কুপন সংগ্রহ করেন পড়ুয়ারা ৷ অভিযোগ, সারা মাসের কুপন থাকা সত্ত্বেও ক্যান্টিন কর্তৃপক্ষ জানিয়েছে ২২ ডিসেম্বর পর্যন্তই খাবার দেওয়া হবে । আর এই মাসে দেওয়া হবে না ৷ এর কারণ হল, ২৩ ডিসেম্বর থেকে শুরু হবে ঐতিহ্যবাহী পৌষমেলা । যার সম্পূর্ণ পরিচালনার দায়িত্ব থাকে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্টের উপর।

কিন্তু, পড়ুয়াদের দাবি, পরীক্ষা ও নানান কর্মসূচি রয়েছে । তাই কেন কুপন থাকা সত্ত্বেও পুরো মাস ক্যান্টিন থেকে খাবার দেওয়া হবে না ৷ এই মর্মে মধ্যরাতে থালা বাজিয়ে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ । বিভিন্ন আবাসিক ছাত্রীরা ‘হেরিটেজ’ ক্যাম্পাসে বেরিয়ে এসে প্রতিবাদ শুরু করে ৷ হিন্দি ভবনের সামনের রাস্তায় বসে কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়ে বিক্ষোভ দেখায় ছাত্রীরা ৷ পরে বিশ্বভারতীর নিরাপত্তা আধিকারিক সুপ্রিয় গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে নিরাপত্তারক্ষীরা এসে ছাত্রীদের সঙ্গে কথা বলেন ৷ দিনে এই বিষয়ে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে, এই আশ্বাস দেওয়ায় কয়েকঘণ্টা পর ওঠে ছাত্রীদের বিক্ষোভ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *