ভিড় থেকে শুরু করে বিক্রিবাটা, গত বছরকে পিছনে ফেলল ছাব্বিশের কলকাতা বইমেলা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : অবশেষে শেষ হল চলতি বছরের আন্তর্জাতিক কলকাতা বইমেলা। আগামী বছর মূলত ৫০ তম বর্ষে পা রাখবে কলকাতা বইমেলা ৷ তাই একে শেষ বলতে নারাজ বইমেলা কর্তৃপক্ষ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ড ৷ বরং তারা বলছে, এই শেষ থেকেই শুরু আগামী বছরের আন্তর্জাতিক বইমেলার তোড়জোর ৷ এদিকে সামনের মেলা নিয়ে বিশেষ কিছু ভাবনার কথাও জানিয়েছে গিল্ড কর্তৃপক্ষ ।

একই সঙ্গে তাদের দাবি, গতবারের থেকে এবছর বেড়েছে পাঠকের সংখ্যা । তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে বিক্রির পরিমাণও । মানুষের আগমন এবং বিক্রির পরিমাণ বেড়েছে ১৫ শতাংশ । একই সঙ্গে জানা গিয়েছে, এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আসা পাঠকের সংখ্যা ছিল প্রায় ৩২ লক্ষ । গতবছর সেই সংখ্যা ছিল ২৭ লক্ষ । গতবছর বই বিক্রি হয়েছিল ২৩ কোটি টাকার । এবছর বই বিক্রি হয়েছে প্রায় ২৭ কোটি টাকার । এর অন্যতম কারণ এবছর মেলা চলাকালীন ৬ দিন ছিল ছুটির দিন । আর অন্যতম হল মেট্রো পরিষেবা ।

তবে আগামী বছর বইমেলার ৫০বছর । সেই বছর নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা শুরু করেছে গিল্ড । এই বিষয়ে গিল্ডের সভাপতি সুধাংশু শেখর দে বলেন, “১৯৯৭ সালে ময়দানে আগুন লাগার কারণে অনেক পুরনো নথি নষ্ট হয়ে গিয়েছে ৷ সেই নথি যদি সংগ্রহ করে আপনারা (আমজনতা) দিতে পারেন ৷ তাহলে আমরা ৫০ তম বছরে সেটা নিয়ে একটা প্রদর্শনী করতে পারি ৷ তুলে ধরার চেষ্টা করতে পারি আমরা । এক্ষেত্রে আপনাদের সহযোগিতাও প্রয়োজন ।” ইতিমধ্যেই, গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তীকে অনুরোধ করেছেন আগামী বছর যাতে এই বইমেলা প্রাঙ্গণের পরিধি আরও কিছুটা বৃদ্ধি করা যায় । এই বিষয়ে তিনি বলেন, “আমরা পরিধি নিয়ে ভাবছি ৷ আমরা বলব, আমাদের ৫০ তম বছরের জন্য অতিরিক্ত একটু জায়গা দেওয়া হোক । এছাড়াও বইতীর্থ হবে একটা অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *