ফের কল সেন্টারের পর্দাফাঁস কলকাতার নিকটে , মার্কিন নাগরিকদের ঠকিয়ে সাইবার প্রতারণায় গ্রেফতার হল আটজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যেই বসেই আমেরিকার নাগরিকদের সঙ্গে চলছিল আন্তর্জাতিক সাইবার প্রতারণার মতো ঘটনা। আর অবশেষে সেই চক্রেরই পর্দাফাঁস করল কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখা। জানা গেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা থেকে আটজনকে গ্রেফতার করা হয়। পুলিশের হাতে উঠে আসে বিপুল পরিমাণ ডিজিটাল তথ্য, অপরাধমূলক নথি ও একাধিক ইলেকট্রনিক ডিভাইস।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের কাছ থেকে পাঁচটি ল্যাপটপ, ১২ টি মোবাইল ফোন ও দু’টি রাউটার বাজেয়াপ্ত করা হয়। ধৃতদের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইন ও ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলাও রুজু করা হয় । তদন্তে জানা গেছে মহেশতলার জোত শিবরামপুর এলাকায় একটি নামী আবাসনে ঘরভাড়া নিয়ে ভুয়ো কল সেন্টার খুলেছিলেন অভিযুক্তরা। নিজেদের পরিচয় দিতেন মাইক্রোসফটের টেকনিক্যাল সাপোর্ট এক্সিকিউটিভ হিসেবে। শুধু তাই নয়, তাঁরা দাবি করতেন যে আমেরিকার একাধিক নামী ব্যাঙ্কের প্রযুক্তিগত কাজও নাকি তাঁরাই সামলান।

এই ভুয়ো পরিচয়ের আড়ালে মার্কিন নাগরিকদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করা হতো। এরপর নানা কৌশলে চলত প্রতারণা। এমনকী এই জাল সোশাল মিডিয়াতেও ছড়িয়ে দেওয়া হয়েছিল বলে তদন্তে জানতে পেরেছে পুলিশ। এই বিষয়ে কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার বলেন, “তদন্ত চলছে। আরও কেউ যুক্ত থাকতে পারে৷” এদিকে প্রতারিত মার্কিন নাগরিকরা পরে সরাসরি মাইক্রোসফটের সঙ্গে যোগাযোগ করলে জানতে পারেন, গোটা বিষয়টিই ভুয়ো। এরপর গত বছরের নভেম্বর মাসে কলকাতার সাইবার থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে সাইবার ক্রাইম শাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *