কাজ চলছে গলিগ্রাম-অভিরামপুর রাস্তার নির্মাণের, ধুলোয় চরম নাজেহাল পথচারীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মানকর: রাস্তার ধুলোয় নাভিশ্বাস উঠছে গলসি-১ ব্লকের গলিগ্রাম, বনসুজাপুর সহ সংলগ্ন এলাকার বাসিন্দাদের। গলিগ্রাম থেকে অভিরামপুর যাওয়ার রাস্তা নতুনভাবে নির্মিত হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তায় নির্মাণ কাজ চলছে। নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে পিডব্লুউডি। কিন্তু গাড়ি গেলেই রাস্তায় ব্যাপক ধুলো উড়ছে। তখন রাস্তা দিয়ে যাওয়ার সময় শ্বাস নিতেও সমস্যা হচ্ছে। ফলে সমস্যায় পড়েছেন এলাকার বাসিন্দারা। বিষয়টি নিয়ে গলসি-১ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি অনুপ চট্টোপাধ্যায় বাসিন্দাদের অভিযোগ স্বীকার করে বলেন, ধীর গতিতে কাজ হচ্ছে। আমরা ইতিমধ্যেই যথাস্থানে জানিয়েছি।

গলসি-১ ব্লকের গলিগ্রাম থেকে অভিরামপুর যাওয়ার রাস্তাটি কুদরুকি, বনসুজাপুর, অনুরাগপুর সহ প্রায় ২৫টি গ্রামের বাসিন্দারা ব্যবহার করেন। ১৯ নম্বর জাতীয় সড়ক যেতে গ্রামের মানুষদের কাছে এটিই প্রধান রাস্তা। মানকর বা গলসি কলেজে আসার জন্য বহু পড়ুয়া এই রাস্তাটি ব্যবহার করে। কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার করা হচ্ছে। গাড়ি গেলেই চারিদিক ধুলোতে ভরে যাচ্ছে। রাস্তা সংস্কারের প্রক্রিয়াও অত্যন্ত ধীরগতিতে হওয়ায় এলাকার সাধারণ মানুষ, ব্যবসায়ী থেকে পড়ুয়া সকলকেই সমস্যার মুখে পড়তে হচ্ছে। স্থানীয়দের একাংশের অভিযোগ, রাস্তায় নিয়ম করে জল না দেওয়ার জন্যই ধুলোর তাণ্ডব দেখা যাচ্ছে। পুরো রাস্তাজুড়ে জল দিলে ধুলোর সমস্যা থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *