বাইক, ট্রাক ও চারচাকার ভয়াবহ সংঘর্ষ, বেঙ্গালুরুতে মৃত্যু হল সাতজনের
বেস্ট কলকাতা নিউজ : বাইক, ট্রাক ও চারচাকার সংঘর্ষে মৃত্যু হল সাতজনের ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে কর্ণাটকের বেঙ্গালুরু গ্রামীণ জেলার হোসাকোট-দাবাসপেট হাইওয়েতে ৷ প্রথমে একটি SUV গাড়ি ধাক্কা মারে বাইকে ৷ তারপর নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি একটি ট্রাকে ধাক্কা মারে ৷ যারে জেরে বাইক আরোহী ও চারচাকা গাড়িতে থাকা ৬ জন রাস্তাতেই এদিক-ওদিক পড়ে যান ৷ সংঘর্ষের তীব্রতার জেরে গাড়িগুলির পার্টস একেবারে আলাদা হয়ে গিয়েছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন হোসাকোটের ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ডিএসপি) মল্লেশ, ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (আইজিপি) লাভু রাম, পুলিশ সুপার (এসপি) চন্দ্রকান্ত এবং সুলিবেলে থানার পুলিশ ৷

আইজিপি লাভু রাম সাংবাদিকদের বলেন, “একটি পথ দুর্ঘটনায় সাতজনের প্রাণ গিয়েছে ৷ আমরা ঘটনাস্থলে এসে ভাঙা গাড়ির নীচে চাপা পড়ে থাকা যাত্রীদের মৃতদেহ হাসপাতালে নিয়ে গিয়েছি ৷ ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় ৷ মৃতদের মধ্যে একজন বাইক আরোহী ও বাকি 6 জন চারচাকা গাড়িটিতে ছিলেন ৷ আমরা তাঁদের পরিবার-পরিজনদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি ৷ তবে, গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তার তদন্ত চলছে । আমরা এখনই কিছু বলতে পারছি না ।”
ইতিমধ্যেই মৃতদেহগুলি উদ্ধার করে হোসাকোট সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে । প্রত্যক্ষদর্শীদের কথায়, “দ্রুত গাড়ি চালানোর কারণে বাইকটিকে যাত্রীবাহী গাড়িটি ধাক্কা মারতে পারে ৷ তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা মারে ৷ সংঘর্ষের পরই ট্রাকটি উল্টে যায় ৷ চারচাকা গাড়িটি-সহ সমস্ত যানবাহন ভেঙে টুকরো টুকরো হয়ে যায় । বহু যন্ত্রাংশ (পার্টস) রাস্তায় ছড়িয়ে পড়ে ।”
পুলিশ সূত্রে জানা গিয়েছে, SUV গাড়িটি হোসাকোট থেকে দেবানহাল্লির দিকে যাচ্ছিল গাড়িটি (KA 03 NW 0138) ৷ হোসাকোট-দাবাসপেট জাতীয় সড়কের এম সত্যভারা গ্রামের কাছে এই দুর্ঘটনার সম্মুখীন হয় ৷ সংঘর্ষের পরই স্থানীয়রা পুলিশে খবর দেয় ৷ গ্রামবাসী ও পুলিশের সহায়তায় চারচাকা গাড়ির যাত্রীদের ও বাইক আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ হোসাকোট সরকারি হাসপাতালের চিকিৎসক তাঁদের মৃত বলে ঘোষণা করেন ৷

