লালবাগ সদরঘাটে ভেসেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ভাগীরথীতে পড়ল চারচাকা
বেস্ট কলকাতা নিউজ : লালবাগ সদরঘাটে একটি চারচাকা গাড়ি ভেসেলে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়ভাগীরথী নদীতে । ঘটনার পরেই ঘাটে উপস্থিত মাঝিরা নদীতে ঝাঁপিয়ে পড়ে গাড়ির চালক তথা মালিককে উদ্ধার করেন। পরবর্তীতে গাড়িটিকে নদী থেকে তোলা হয়। নদীতে গাড়ি পড়ার ঘটনায় সদরঘাট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। মুর্শিদাবাদ থানার আইসি রাজা সরকার বলেন, ভেসেলে ওঠার সময় যান্ত্রিক গোলযোগের কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। গাড়ির মালিক তথা চালক সুস্থ রয়েছেন। গাড়িটিকেও নদী থেকে তোলা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে খড়গ্রাম থানা এলাকার বাসিন্দা প্রকাশ সর্দার ভাগীরথীর পশ্চিমপাড়ে যাওয়ার জন্য লালবাগ সদরঘাটে (পূর্বপাড়) আসেন। গাড়িতে তিনি একাই ছিলেন। গাড়ি চালিয়ে ভেসেলে তোলার সময় নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যে ফেরিঘাটে উপস্থিত মাঝিরা নদীতে ঝাঁপিয়ে পড়েন। গাড়ির দরজা খুলে ওই ব্যক্তিকে বের করে নিয়ে আসেন। পাশাপাশি চারচাকা গাড়িটিকে দড়ি দিয়ে ভেসেলের সঙ্গে বেঁধে রাখা হয়।

