শর্তসাপেক্ষে ভারতকে রাশিয়ার তেল কেনার অনুমতি দিল আমেরিকা
বেস্ট কলকাতা নিউজ : রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতকে 30 দিনের ছাড়পত্র দিল মার্কিন প্রশাসন ৷ ইরানের সঙ্গে ক্রমেই বাড়ছে যুদ্ধের ঝাঁজ ৷ সংঘাতের এই সময়ে মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে, তারা ভারতকে রাশিয়ান তেল কেনার অনুমতি দিচ্ছে ৷ এর জন্য ৩০ দিনের একটি অস্থায়ী ছাড়ও ঘোষণা করেছে আমেরিকা ৷মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্ট এক্স-এর একটি পোস্টে জানিয়েছেন, “প্রেসিডেন্ট ট্রাম্পের জ্বালানি কর্মসূচির ফলে তেল ও গ্যাস উৎপাদন রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে । বিশ্ব বাজারে তেলের সংকট রুখতে ট্রেজারি বিভাগ ভারতীয় পরিশোধকদের রাশিয়ান তেল কেনার অনুমতি দিচ্ছে ৷ এর জন্য 30 দিনের একটি অস্থায়ী ছাড়ও দেওয়া হচ্ছে ৷” তিনি এও জানিয়েছেন, এই স্বল্পমেয়াদী পদক্ষেপের জেরে রাশিয়া সরকারের উল্লেখযোগ্য কোনও আর্থিক সুবিধা হবে না ৷ পাশাপাশি এটি কেবল সমুদ্রে ইতিমধ্যে আটকে থাকা তেল ট্যাঙ্কারগুলির লেনদেনের অনুমোদন দিচ্ছে ।

স্কট বেসেন্ট যোগ করেছেন, “মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে অপরিহার্য অংশীদার ভারত ৷ আমরা সম্পূর্ণরূপে আশা করি যে, নয়াদিল্লি মার্কিন তেল কেনা বাড়িয়ে দেবে । এই স্টপ-গ্যাপ পদক্ষেপের ফলে ইরান বিশ্বব্যাপী যে জ্বালানি সমস্যা তৈরির চেষ্টা করছিল তা কমাবে ৷” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার তেল কেনার জন্য ভারতের উপর ২৫ শতাংশ শাস্তিমূলক শুল্ক আরোপ করেছিলেন ৷ ট্রাম্প প্রশাসন দাবি করেছিল যে, দিল্লির তেল কেনার ফলে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধকে আরও বাড়িয়ে তুলছে । গত মাসে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত ঘোষণা করেছিল, তারা বাণিজ্য সংক্রান্ত একটি অন্তর্বর্তী চুক্তিতে পৌঁছেছে ৷ ট্রাম্প ভারতের উপর ২৫ শতাংশ শাস্তি শুল্ক মুকুবের জন্য একটি আদেশও জারি করেছেন ৷ যেখানে বলা হয়েছে, নয়াদিল্লি মস্কো থেকে জ্বালানি আমদানি বন্ধ করার এবং আমেরিকান জ্বালানি পণ্য ক্রয় বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছে ।

