শহর কলকাতার করখেলাপি একাধিক দোকান বন্ধ করল কর্পোরেশন, বকেয়া না মেটালে উঠবে এমনকি নিলামেও
বেস্ট কলকাতা নিউজ : আর্থিক বছর শেষের মাসে ব্যাপক অভিযানে নামল কলকাতা কর্পোরেশনের সম্পত্তি কর মূল্যায়ন বিভাগ। শ্রীরাম আর্কেড বিপুল টাকা বকেয়া থাকায় আচমকা অভিযান চালিয়ে ১৫ টির বেশি দোকানের ঝাঁপ বন্ধ করল কর্পোরেশনের কর মূল্যায়ন বিভাগের কর্তারা। এদিকে লাগাতার শহরের বিভিন্ন অংশে বাণিজ্যিক ক্ষেত্রে অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কলকাতা কর্পোরেশন। জানা গেছে নিউ মার্কেট থেকে বড় বাজার, শ্রীরাম আর্কেড থেকে গড়িয়াহাট লাগাতার চলবে এই রকমের আচমকা অভিযান। যার লক্ষ্য মূলত দীর্ঘ দিনের কর খেলাপিরাই। হয় বকেয়া কর মেটাও না হলে দোকান নিলাম করে আদায় হবে কর। এমনই দৃঢ় পদক্ষেপ নিতে শুরু করেছে কলকাতা কর্পোরেশন।

কর্পোরেশন সূত্রে খবর, সম্প্রতি আচমকাই ভর দুপুরে জমজমাট শ্রীরাম আর্কেডের ভিতর হানা দেয় কর মূল্যায়ন বিভাগের কর্মী আধিকারিকরা। সঙ্গে ছিল বিরাট পুলিশ বাহিনী। দীর্ঘদিন বকেয়া নোটিশ পাওয়া দোকানগুলিতে হাজির হয় ঝাঁপ বন্ধ করে দেন কর মূল্যায়ন বিভাগের কর্মীরা। দোকানদাররা কিছু বোঝার আগেই দোকানে সিল করে দেওয়া হয়। এর পর দোকানদারদের জানানো হয়, ৩১ মার্চ মধ্যে সম্পত্তি কর পরিশোধ না করলে দোকান নিলাম করে সেই টাকা আদায় করা হবে। আরো জানা গেছে এই শপিং মলের থেকে বিপুল টাকা বকেয়া রয়েছে। এর পরেই দুই একজন দোকান মালিক তাঁরা রাতারাতিচাপের মুখে সম্পত্তি কর জমা করেন। এমনকি বাকিদের সতর্ক করা হয়। এমন অভিযানে রীতিমত হতবাক হয় যান অনেকেই।
আরো জানা গিয়েছে, সম্পত্তি কর না দেওয়ায় সমন জারি হওয়া দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠানের তালিকা ধরেই এই অভিযান চালান কর্পোরেশনের কর মূল্যায়ন বিভাগের কর্তারা। করখেলাপিদের কাছে এই মাসের শেষ পর্যন্ত সময় রয়েছে। টাকা না দিলে দোকান বাজেয়াপ্ত করে তোলা হবে নিলামে। শপিং কমপ্লেক্স থেকে প্রায় ৫.৫ কোটি টাকা আদায় করবে তারা। শহরের বিভিন্ন মার্কেট এলাকায় একই ভাবে অভিযান হবে। শহরের বেশ কিছু এলাকায় এই ধরনের কর খেলাপি দোকানদারদের বিরুদ্ধে দোকান বন্ধ করে ব্যবস্থা নিয়েছে কলকাতা কর্পোরেশন।

