ভোটের মুখে শুরু হল জোর নাকা চেকিং, হাওড়া-নিউটাউন থেকে উদ্ধার হল ৪০ লক্ষ টাকা
বেস্ট কলকাতা নিউজ : সামনেই এ রাজ্যের বিধানসভা ভোট। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে টহল দিচ্ছে বিভিন্ন এলাকায়। চলছে নাকা তল্লাশি। এদিন সাতসকালে নাকা চেকিংয়ের সময় নিউটাউনে একটি গাড়ি থেকে উদ্ধার হল নগদ ২৫ লক্ষ টাকা। অ্যাপ ক্যাবে করে যে ব্যক্তি ওই টাকা নিয়ে যাচ্ছিলেন, তাঁকে আটক করা হয় । জানা গেছে ওই ব্যক্তি কোনো নথিপত্র দেখাতে পারেননি! যেহেতু ১০ লক্ষ টাকার বেশি উদ্ধার হয়েছে, তাই কেসটি আয়কর বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। একইভাবে এদিনই হাওড়ার শ্যামপুরে এক ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় নগদ ১৫ লক্ষ টাকা। ওই ব্যক্তিকেও আটক করা হয়। অর্থাৎ, নিউটাউন ও হাওড়া মিলিয়ে ভোটের মুখে এদিন ৪০ লক্ষ টাকা উদ্ধার হল।

এদিকে পুলিশ জানিয়েছে, নির্বাচনের জন্য এখন বিধাননগর কমিশনারেটের প্রতিটি থানা এলাকায় নাকা চেকিং চলছে। জেলার সীমান্ত এলাকায় বেশি করে নজরদারি চালানো হচ্ছে। নাকা চেকিংয়ের সময় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও থাকছেন। গত ৫ মার্চ রাতে বাগুইআটির কৈখালি এলাকায় নাকা চেকিংয়ে একটি গাড়ি থেকে কার্তুজ সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল। এবার বিপুল পরিমাণ টাকা মিলল। জানা গেছে ইকোপার্ক থানার অন্তর্গত নিউটাউনের সিটি সেন্টার-২ এলাকায় ওই নাকা চেকিং চলছিল। বিধাননগর পুলিশের ফ্লাইং স্কোয়াড টিম ওই চেকিং ও নজরদারি অভিযান চালাচ্ছিল।

