তরুণীর শ্লীলতাহানি খোদ সিনেমা হলের মধ্যেই, ফের প্রশ্নের মুখে পড়লো যোগী রাজ্যের নারী নিরাপত্তা
যোগী রাজ্যে ফের প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। ভরা সিনেমা হলের অন্দরেই শ্লীলতাহানির শিকার হল তরুণী। কানপুরের একটি সিনেমা হলে চলছিল বহু চর্চিত সিনেমা ধুরন্দর ২। পরিবারের সঙ্গে এই সিনেমা দেখতে গিয়েছিলেন এক মহিলা। সবাই যখন সিনেমা দেখতে ব্যাস্ত তখন অন্ধকার প্রেক্ষাগৃহের সুযোগ নিয়ে আচমকাই পাশের আসনে বসা এক যুবক ওই মহিলার সঙ্গে অশালীন আচরণ শুরু করে। এই ঘটনায় অস্বস্তি বোধ করায় প্রতিবাদ করেন তরুণী। চিত্কার শুনে ছুটে আসেন সিনেমা হলের বাকি দর্শকরা। শুরু হয় উত্তেজনা। অভিযুক্তকে ঘিরে ধরে চলে চর থাপ্পর।

এখানেই শেষ নয় সিনেমা শেষ হওয়ার পর বাইরে বেরোতেই ঘটনাটি নতুন মোড় নেয়। তরুণীর বাবা ফের অভিযুক্ত যুবককে দেখতে পেয়েই আর নিজেকে সংযত রাখতে পারেননি। ফের অভিযুক্তর উপর চড়াও হন তিনি। চলে বেধড়ক মার। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, পরিবারের অন্যান্য সদস্য ও কয়েকজন স্থানীয়ও যোগ দেন সেখানে। প্রেক্ষাগৃহের বাইরে তৈরি হয় বিশৃঙ্খলা, শুরু হয় গণপিটুনি। এদিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। গুরুতর জখম অবস্থায় অভিযুক্তকে উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়। পুলিশের তরফে জানানো হয়, নির্যাতিতার বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে।

